সাজেকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন খাগড়াছড়ির পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী, পরিবহন মালিক ও শ্রমিকেরা। নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। তাঁদের দাবি, সাজেকের পর্যটন কার্যক্রম বন্ধ থাকায় এ খাতের সঙ্গে যুক্ত বহু ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।

এর আগে শহরের চেঙ্গী স্কয়ার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাপলা চত্বরে জড়ো হন অংশগ্রহণকারীরা। পরে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের একাংশ প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।

কর্মসূচিতে শান্তি পরিবহন, কটেজ মালিক সমিতি, খাগড়াছড়ি হোটেল মালিক সমিতি, জিপ মালিক সমিতি, পার্বত্য যানবাহন মালিক কল্যাণ সমিতি, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, সিএনজিচালিত যানবাহন ও মাহিন্দ্র মালিক সমিতি এবং হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতিসহ পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের কয়েক শ মানুষ অংশ নেন।

পার্বত্য যানবাহন মালিক কল্যাণ সমিতির সভাপতি আয়ুস চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সদস্য উজ্জ্বল দে, সহঅধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ, কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক রাহুল চাকমা এবং মাহিন্দ্র মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম।

বক্তারা বলেন, বিভিন্ন ইস্যুতে বারবার সাজেকের পর্যটন কার্যক্রম বন্ধ রাখা হলে এ খাতের সঙ্গে জড়িত হাজারো শ্রমিক ও ব্যবসায়ী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানান তাঁরা।

বক্তারা আরও হুঁশিয়ারি দেন, ২৪ ঘণ্টার মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে হরতাল-অবরোধের মতো কর্মসূচি পালনের কথাও জানান তাঁরা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা।