রঙিন ভাস্কর্যে সাজানো প্রাচীন মন্দির, রঙিন কাচে ঘেরা ঐতিহাসিক সংগীত মিলনায়তন কিংবা উজ্জ্বল সিরামিকে মোড়ানো আধুনিক ভবন। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এমন স্থাপত্য শুধু দৃষ্টিনন্দন নয়, বরং সংশ্লিষ্ট অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি ও শিল্পরুচিরও পরিচয় বহন করে। স্থাপত্যপ্রেমী ও ভ্রমণপিপাসুদের জন্য এমন আটটি ব্যতিক্রমী ভবনের তালিকা প্রকাশ করেছে বিবিসি কালচার।

১. শ্রী রঙ্গনাথস্বামী মন্দির, ভারত

ভারতের তামিলনাড়ু রাজ্যের শ্রীরঙ্গমে অবস্থিত শ্রী রঙ্গনাথস্বামী মন্দির ৬০ হেক্টরের বেশি জায়গাজুড়ে বিস্তৃত। মন্দির প্রাঙ্গণে রয়েছে ২১টি কারুকার্যময় গোপুরম বা প্রবেশদ্বার। রঙিন দেবদেবীর মূর্তি ও সূক্ষ্ম অলংকরণে সাজানো এসব প্রবেশদ্বার দক্ষিণ ভারতের দ্রাবিড় স্থাপত্যের উল্লেখযোগ্য নিদর্শন।

২. পালাউ দে লা মুসিকা কাতালানা, স্পেন

বার্সেলোনায় অবস্থিত এই সংগীত মিলনায়তন ১৯০৮ সালে উদ্বোধন করা হয়। স্থপতি লুইস দোমেনেক ই মন্তানেরের নকশায় নির্মিত ভবনটিতে রঙিন কাচ, মোজাইক ও সূক্ষ্ম অলংকরণের সমন্বয় ঘটেছে। কাতালান আধুনিক স্থাপত্যের গুরুত্বপূর্ণ নিদর্শনটি ১৯৯৭ সালে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায়।

৩. গার্ডিয়ান ভবন, যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে অবস্থিত গার্ডিয়ান ভবন ১৯২৯ সালে নির্মিত একটি উল্লেখযোগ্য আর্ট ডেকো আকাশচুম্বী ভবন। প্রায় ২০ লাখ কমলা আভাযুক্ত ইট ও পোড়ামাটির টালি এর বহির্ভাগে ব্যবহৃত হয়েছে। রঙিন অভ্যন্তরীণ সজ্জার কারণে এটি ‘অর্থব্যবস্থার ক্যাথেড্রাল’ নামেও পরিচিত।

৪. ডি বিজেনকরফ বিপণিবিতান, নেদারল্যান্ডস

ইতালীয় স্থপতি জিও পন্তির নকশায় ১৯৬৯ সালে নির্মিত এই বিপণিবিতান নেদারল্যান্ডসের আইন্দহোভেনে অবস্থিত। আকাশ থেকে দেখা দেশটির বৈচিত্র্যময় কৃষিজমির বিন্যাস ভবনটির নকশায় অনুপ্রেরণা জুগিয়েছে বলে জানা যায়।

৫. রিভার্সিবল ডেসটিনি লফটস, জাপান

২০০৫ সালে নির্মিত এই আবাসিক স্থাপনায় রয়েছে নয়টি অ্যাপার্টমেন্ট। উজ্জ্বল রং, অপ্রচলিত জ্যামিতিক আকৃতি ও বৈচিত্র্যময় বিন্যাস ভবনটিকে অন্য সব আবাসিক স্থাপনা থেকে আলাদা করেছে। এটি হেলেন কেলারের প্রতি উৎসর্গ করা হয়েছে।

৬. মাইশিমা বর্জ্য শোধনাগার, জাপান

জাপানের এই বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে হলুদ ও লাল ডোরাকাটা নকশা এবং ফিরোজা রঙের চিমনি ব্যবহার করা হয়েছে। শিল্পকারখানার প্রচলিত চেহারা থেকে বেরিয়ে এসে স্থাপনাটিকে দেওয়া হয়েছে ব্যতিক্রমী রূপ।

৭. লেগানেস কেন্দ্রীয় গ্রন্থাগার, স্পেন

স্পেনের লেগানেস শহরে ২০১৯ সালে নির্মিত এই গ্রন্থাগারের বাঁকানো দেয়ালে ব্যবহার করা হয়েছে হালকা রঙের সিরামিক। দেয়ালের নকশা অনেকটা খোলা বইয়ের পাতার মতো, যা ভবনটিকে দিয়েছে স্বতন্ত্র পরিচিতি।

৮. ক্রয়ডন কলোনেড, যুক্তরাজ্য

লন্ডনে ২০২৩ সালে নির্মিত প্রায় ৫০ মিটার দীর্ঘ এই স্থাপত্যপথে রয়েছে ১৬টি স্তম্ভ ও হাতে তৈরি সিরামিক টাইলস। গাঢ় নীল থেকে ক্রিম রঙে ধীরে ধীরে বদলে যাওয়া টাইলসের বিন্যাস পথটিকে দৃষ্টিনন্দন করে তুলেছে।