জ্বালানির ক্রমবর্ধমান ব্যয় সামাল দিতে শীতকালীন ফ্লাইট সূচি থেকে ৭ লাখ আসন কমানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্যের বিমান সংস্থা ইজিজেট। 
এর আগে চলতি গ্রীষ্মের শুরুতে শীতকালীন সূচি থেকে প্রায় ৬ থেকে ৭ লাখ আসন কমানোর ঘোষণা দিয়েছিল কোম্পানিটি। খবর: দ্য ইনডিপেনডেন্ট

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইজিজেটের প্রধান নির্বাহী কেনটন জার্ভিস জানিয়েছেন, প্রতিদ্বন্দ্বী বিমান সংস্থাগুলোও ফ্লাইট পরিচালনার সক্ষমতা কমাচ্ছে। অক্টোবর থেকে পরের বছরের মার্চ পর্যন্ত শীতকালীন মৌসুমে ইজিজেট সাধারণত প্রায় ৫ কোটি আসন সরবরাহ করে। নতুন করে কমানো ৭ লাখ আসন প্রায় দুই দিনের ফ্লাইট পরিচালনার সমান।

গত ফেব্রুয়ারিতে ইরান সংঘাত শুরুর পর থেকে উড়োজাহাজের জ্বালানির দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএ জানিয়েছে, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে ২০২৬ সালে বিশ্বজুড়ে এয়ারলাইনগুলোর অতিরিক্ত ব্যয় ১০ হাজার কোটি ডলারে পৌঁছাতে পারে।
এদিকে, রায়ানএয়ারের প্রধান নির্বাহী মাইকেল ও'লিয়ারি সতর্ক করেছেন, জ্বালানির দাম বর্তমান পর্যায়ে থাকলে ২০২৭ সালের গ্রীষ্মে বিমানভাড়া ১৫ থেকে ২০ শতাংশ বাড়তে পারে।