চট্টগ্রাম থেকে দেশি-বিদেশি গন্তব্যে ভ্রমণ, বিমান টিকিট, হোটেলে অবস্থান ও পর্যটন প্যাকেজের সুযোগ খুঁজছেন এমন ভ্রমণপিপাসুদের জন্য শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘চট্টগ্রাম ট্রাভেল মার্ট ২০২৬’। মেলায় বিমান সংস্থা, ভ্রমণ সংস্থা, হোটেল-রিসোর্টসহ পর্যটন খাতের ২৮টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। দর্শনার্থীদের জন্য রয়েছে বিভিন্ন সেবায় বিশেষ ছাড়, আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ ও বিমান টিকিট জেতার সুযোগ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) চট্টগ্রামের দ্য পেনিনসুলা চিটাগং হোটেলের ডালিয়া হলে মেলার ১৬তম আসরের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ভ্রমণ ও পর্যটনবিষয়ক প্রকাশনা ‘দ্য বাংলাদেশ মনিটর’ আয়োজিত এ মেলার টাইটেল স্পনসর হসপিটালিটি বিনিয়োগ প্রতিষ্ঠান ছুটি বে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, ছুটি গ্রুপের পরিচালক ফয়সাল আল আসাদুজ্জামান, ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) ও ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মো. কামরুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এবং দ্য পেনিনসুলা চিটাগংয়ের পরিচালক সৈয়দ মোস্তফা তাহসীন আরশাদ।

চট্টগ্রামকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বাণিজ্যিক শহর হিসেবে পরিচিত চট্টগ্রামের পর্যটন সম্ভাবনাও রয়েছে। এ খাতের বিকাশে আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা বাড়ানো, নিরাপত্তা নিশ্চিত করা এবং যোগাযোগব্যবস্থার উন্নয়ন জরুরি।

তিনি জানান, কাজীর দেউড়িতে হাঁটার সুবিধাসহ একটি সিটি সেন্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রামকে পরিবেশবান্ধব পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ চলছে।

চট্টগ্রাম থেকে আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচল বাড়ানোর উদ্যোগ

অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, ঢাকার বাইরে চট্টগ্রাম ও সিলেটকে আঞ্চলিক বিমান চলাচলের কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

পরিকল্পনা অনুযায়ী, চট্টগ্রাম বিমানবন্দরে চারটি এবং সিলেট বিমানবন্দরে দুটি নির্দিষ্ট উড়োজাহাজ রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পাশাপাশি ব্যাংকক, কুয়ালালামপুর ও সিঙ্গাপুরে যাতায়াতের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, ২০২৭ সালের মধ্যে বহরে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রায় ১৫০ কোটি মার্কিন ডলারের লিজিং চুক্তির আওতায় ১৫টি বোয়িং ৭৩৭-৮ ও ছয়টি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ যুক্ত হলে বহরে উড়োজাহাজের সংখ্যা বেড়ে ৪৬টিতে দাঁড়াবে।

টিকিট ও ভ্রমণ প্যাকেজে ছাড়

মেলায় বিমান সংস্থা, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল-রিসোর্ট, হসপিটালিটি বিনিয়োগ প্রতিষ্ঠান এবং চিকিৎসাসেবাসংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিমান টিকিট, হোটেলে অবস্থান ও ভ্রমণ প্যাকেজে বিশেষ ছাড় দিচ্ছে। দর্শনার্থীদের বিনা মূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, মেলার প্রথম দিনেই উল্লেখযোগ্যসংখ্যক দর্শনার্থী ও পর্যটন পেশাজীবীর সমাগম হয়েছে।

মেলা চলবে শনিবার (১০ অক্টোবর) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দ্য পেনিনসুলা চিটাগংয়ের ডালিয়া হলে প্রবেশ করা যাবে। প্রাক্‌-নিবন্ধন করা দর্শনার্থীরা প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত র‍্যাফল ড্রয়ে বিমান টিকিট জেতার সুযোগ পাবেন।

মেলায় ইউএস-বাংলা এয়ারলাইনস বিমান সংস্থার অংশীদার এবং অনলাইন ভ্রমণ সংস্থা বাইটিকিটস অনলাইন ভ্রমণসেবা অংশীদার হিসেবে রয়েছে।