মেক্সিকোতে শিশুদের নিয়ে ভ্রমণের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে দেশটির সরকার। শিশুদের সঙ্গে থাকা প্রাপ্তবয়স্ক ব্যক্তির সঙ্গে তাদের পারিবারিক বা আইনগত সম্পর্ক যাচাই করতে হবে হোটেল, পর্যটন আবাসন ও পরিবহনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে।

সম্পর্কের প্রমাণ দেখাতে ব্যর্থ হলে সেবা দিতে অস্বীকৃতি জানানো এবং তদন্তকারী কর্তৃপক্ষকে অবহিত করার বিধান রাখা হয়েছে। খবর: দ্য রিও টাইমস

বুধবার মেক্সিকোর সিনেটে দেশটির সাধারণ পর্যটন আইন সংশোধনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়। সংবাদমাধ্যম লা সিয়া রোতার তথ্য অনুযায়ী, প্রস্তাবটির পক্ষে ভোট দেন ১০৪ জন সিনেটর। এর আগে ২০২৫ সালের এপ্রিলে দেশটির নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ৪৫১ ভোটে প্রস্তাবটি পাস হয়েছিল।

নতুন বিধান অনুযায়ী, কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি শিশুকে সঙ্গে নিয়ে পর্যটনসেবা নিতে চাইলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরকারি নথিপত্র দেখতে চাইতে হবে। এসব নথিতে শিশুটির সঙ্গে পারিবারিক সম্পর্ক, পিতামাতার অধিকার, অভিভাবকত্ব বা আইনগত হেফাজতের প্রমাণ থাকতে হবে। প্রাপ্তবয়স্ক ব্যক্তির আইনগত বয়সের প্রমাণও বিধানের আওতায় রয়েছে।

নিয়মটি কার্যকর হলে হোটেল, মোটেল, পর্যটন ভাড়াবাসা, স্থল, আকাশ ও নৌপরিবহন, রেস্তোরাঁ, পানীয় পরিবেশনের স্থান, স্পা এবং বিনোদনকেন্দ্র এর আওতায় আসতে পারে। শিশুদের যৌন শোষণ প্রতিরোধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

মেক্সিকোর ন্যাশনাল অ্যাকশন পার্টির সিনেটর লরা এসকিভেল দাবি করেছেন, দেশটিতে প্রতিবছর প্রায় ২১ হাজার শিশু ও কিশোর-কিশোরী যৌন শোষণের শিকার হয়। তবে এই পরিসংখ্যানের পক্ষে তিনি কোনো সূত্র বা নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি বলে জানিয়েছে লা সিয়া রোতা।

যুক্তরাষ্ট্রের পর্যটকদের জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে বসবাসকারী ১ কোটি ২২ লাখ ৪০ হাজার পর্যটক আকাশপথে মেক্সিকো ভ্রমণ করেছেন বলে দেশটির পর্যটন মন্ত্রণালয়ের তথ্য উল্লেখ করা হয়েছে।

অনেক পরিবারে দাদা-দাদি, নানা-নানি, সৎ-সন্তান, আত্মীয় কিংবা বন্ধুর সন্তানকে নিয়ে ভ্রমণের ঘটনা ঘটে। নতুন নিয়ম কার্যকর হলে এসব ক্ষেত্রেও সম্পর্কের প্রমাণ চাওয়া হতে পারে।

তবে ঠিক কোন নথি গ্রহণযোগ্য হবে, বিদেশি পর্যটকদের জন্য আলাদা নিয়ম থাকবে কি না এবং বিধানটি কবে কার্যকর হবে— এসব বিষয়ে এখনো স্পষ্ট তথ্য প্রকাশিত হয়নি। সরকারি গেজেটে প্রজ্ঞাপন প্রকাশের পরই নিয়মটি কার্যকর হতে পারবে।

ভ্রমণকারীদের জন্য আপাতত পরামর্শ হলো, নিজের সন্তান নয়—এমন কোনো শিশুকে নিয়ে মেক্সিকো গেলে জন্মসনদের অনুলিপি এবং শিশুর বাবা-মা বা আইনগত অভিভাবকের স্বাক্ষর করা অনুমতিপত্র সঙ্গে রাখা। ভ্রমণের আগে সংশ্লিষ্ট হোটেল ও পরিবহন প্রতিষ্ঠানের নিয়মও জেনে নেওয়া ভালো।