খাগড়াছড়ির পাহাড়ি প্রকৃতি দেখতে গিয়ে এবার দর্শনার্থীরা পাচ্ছেন বাড়তি বিনোদনের সুযোগ। জেলা পরিষদ হর্টিকালচার পার্কে চালু হয়েছে জিপ লাইন, জায়ান্ট সুইং ও নতুন করে সাজানো কিডস জোন। এসব সুবিধা যুক্ত হওয়ার পর পার্কটিতে স্থানীয় ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের আগ্রহ বেড়েছে।

খাগড়াছড়ি শহরের কাছাকাছি অবস্থিত হর্টিকালচার পার্কটি দীর্ঘদিন ধরে স্থানীয়দের পাশাপাশি ভ্রমণপিপাসুদের কাছে পরিচিত একটি বিনোদনকেন্দ্র। পাহাড়ি পরিবেশ, সবুজ গাছপালা ও পার্কের বিভিন্ন আয়োজনের সঙ্গে নতুন রোমাঞ্চকর রাইড যুক্ত হওয়ায় পরিবার ও তরুণদের জন্য এর আকর্ষণ আরও বেড়েছে।

নতুন সংযোজনের মধ্যে জিপ লাইন ও জায়ান্ট সুইং পর্যটকদের জন্য তৈরি করছে বাড়তি রোমাঞ্চ। শিশুদের জন্য দীর্ঘদিন বন্ধ থাকা কিডস জোনও নতুন করে সাজিয়ে চালু করা হয়েছে। সেখানে বিভিন্ন খেলনা ও বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে।

ঢাকা থেকে খাগড়াছড়িতে বেড়াতে আসা পর্যটক নাসরিন আক্তার বলেন, ‘খাগড়াছড়ির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসে হর্টিকালচার পার্কে নতুন এসব বিনোদন সুবিধা দেখে ভালো লেগেছে। আগে শুধু প্রকৃতি দেখার সুযোগ ছিল; এখন জিপ লাইন ও জায়ান্ট সুইংয়ের মতো রোমাঞ্চকর বিনোদনের সুযোগও তৈরি হয়েছে। পরিবার নিয়ে ঘুরতে এসে সবাই উপভোগ করতে পারছি।’

আরেক পর্যটক মো. মাসুদ মিয়া বলেন, ‘পার্কটি আগে থেকেই সুন্দর। এখন নতুন রাইড যুক্ত হওয়ায় জায়গাটি আরও আকর্ষণীয় হয়েছে। বিশেষ করে তরুণদের জন্য জিপ লাইন ও জায়ান্ট সুইং বেশ উপভোগ্য।’

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ বলেন, ‘পর্যটকদের জন্য রোমাঞ্চকর অভিজ্ঞতা তৈরি এবং শিশুদের বিনোদনের সুযোগ বাড়ানোর লক্ষ্যেই নতুন এসব সুবিধা চালু করা হয়েছে। জায়ান্ট সুইং ও জিপ লাইনের মাধ্যমে দর্শনার্থীরা রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে পারবেন। কিডস জোনে শিশুদের জন্য থাকবে বিনোদনের আলাদা ব্যবস্থা।’

জেলা পরিষদের পক্ষ থেকে নতুন বিনোদন সুবিধার পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও পার্কের রক্ষণাবেক্ষণের বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দর্শনার্থীরা। এসব সুবিধা নিশ্চিত করা গেলে হর্টিকালচার পার্কটি খাগড়াছড়ির পর্যটন মানচিত্রে আরও গুরুত্বপূর্ণ আকর্ষণ হয়ে উঠতে পারে।

খাগড়াছড়িতে পাহাড়, ঝরনা ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি বিনোদনের বৈচিত্র্য বাড়ায় পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতাও আরও সমৃদ্ধ হচ্ছে। হর্টিকালচার পার্কের নতুন সংযোজন সেই প্রবণতারই অংশ।