চট্টগ্রামে ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ছুটি বে-চিটাগাং ট্রাভেল মার্ট ২০২৬’। দেশের ভ্রমণ ও পর্যটন খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে আয়োজিত এ মেলায় ভ্রমণসেবা, বিমান পরিবহন, আবাসন ও পর্যটন প্যাকেজ নিয়ে সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন দর্শনার্থীরা।
চট্টগ্রাম ট্রাভেল মার্টের ১৬তম আসর ৮ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত নগরের জিইসি সার্কেল এলাকার দ্য পেনিনসুলা চট্টগ্রামের ডালিয়া হলে অনুষ্ঠিত হবে। মেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।
দ্য বাংলাদেশ মনিটর আয়োজিত এবারের মেলার টাইটেল স্পন্সর ছুটি বে। আয়োজনে দেশ-বিদেশের ভ্রমণ ও পর্যটন খাতের ২৮টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে বিমান সংস্থা, ভ্রমণ সংস্থা, ট্যুর অপারেটর, হোটেল ও রিসোর্ট, আতিথেয়তা খাতের বিনিয়োগকারী প্রতিষ্ঠান, হাসপাতাল ও চিকিৎসা রেফারেল সেন্টারসহ পর্যটন খাতের বিভিন্ন প্রতিষ্ঠান।
আয়োজকদের প্রত্যাশা, মেলাটি পর্যটন পেশাজীবী ও সাধারণ দর্শনার্থীদের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি ব্যবসায়িক নেটওয়ার্কিং, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং নতুন অংশীদারত্ব তৈরিতে ভূমিকা রাখবে।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। ৮ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠান হবে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।