অল-ইনক্লুসিভ ভ্রমণ, বিশেষ উদযাপন এবং ব্যক্তিগত গোপনীয়তা— এসব অভিজ্ঞতাই ২০২৭ সালে উচ্চবিত্ত পর্যটকদের ভ্রমণধারায় বড় প্রভাব ফেলবে বলে নতুন এক জরিপে উঠে এসেছে।

উচ্চমানের পর্যটনের সম্ভাব্য প্রবণতা তুলে ধরতে জরিপটি তৈরি করেছে ‘ভারটুসো’। ৫০টির বেশি দেশের প্রায় ৩ হাজার ১০০ জন ট্রাভেল অ্যাডভাইজারের মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে ইউরো নিউজের খবরে বলা হয়েছে।  
ফ্রান্সভিত্তিক সংবাদমাধ্যমটি লিখেছে, জরিপে অংশ নেওয়া ৫৯ শতাংশ ট্রাভেল অ্যাডভাইজার মনে করেন, ভ্রমণে ব্যয় সামান্য বাড়বে। ১৩ শতাংশ উল্লেখযোগ্য ব্যয় বৃদ্ধির পূর্বাভাস দিয়েছেন। আর ২৩ শতাংশের ধারণা, ২০২৬ সালের মতোই ব্যয় থাকবে।
জরিপে দেখা গেছে, বিলাসবহুল পর্যটকরা শুধু আগের ব্যয়ের মাত্রা ধরে রাখছেন না; বরং অর্থবহ অভিজ্ঞতাকে আরও বেশি গুরুত্ব দিচ্ছেন। ভালো মান, নিরাপত্তা, বিশেষ সুযোগ এবং ভ্রমণের জন্য পর্যাপ্ত সময় এখন গন্তব্য বেছে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

২০২৭ সালে বিলাসবহুল ভ্রমণের জনপ্রিয় গন্তব্যের তালিকায় ইউরোপের আধিপত্য থাকবে। শীর্ষ ১০ গন্তব্যের সাতটিই ইউরোপের। প্রথম স্থানে রয়েছে জাপান। এরপর রয়েছে ইতালি, ফ্রান্স, গ্রিস ও স্পেন। শীর্ষ দশে আরও রয়েছে ক্রোয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, পর্তুগাল, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

আগামী বছর ধনী পর্যটকদের বিদেশ ভ্রমণের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা উদযাপন, নতুন গন্তব্য আবিষ্কারের আগ্রহ এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো। পাশাপাশি বহুপারিবারিক ভ্রমণ, নিকট পরিবারের সঙ্গে ভ্রমণ এবং এক্সপেডিশন ক্রুজও জনপ্রিয় হবে।

জরিপে দেখা গেছে, একচেটিয়া বা অত্যন্ত উচ্চমানের ভ্রমণ অভিজ্ঞতা—যাকে ‘ultraluxe travel’ বলা হচ্ছে—এর চাহিদা ৪৭ শতাংশ বেড়েছে।

অল-ইনক্লুসিভ অভিজ্ঞতা
২০২৭ সালে আল্ট্রা-লাক্সারি ভ্রমণের তালিকায় শীর্ষে থাকবে অল-ইনক্লুসিভ অভিজ্ঞতা। আধুনিক বিলাসবহুল রিসোর্টে সাধারণ বুফের বদলে থাকবে টেস্টিং মেনু, ব্যক্তিগত ভিলা এবং আরও ব্যক্তিগত সেবা।

উদযাপনমূলক ভ্রমণ
বিয়ে, বিবাহবার্ষিকী, পারিবারিক আয়োজন, গ্র্যাজুয়েশন কিংবা বিশেষ জন্মদিন—এসব উপলক্ষে ভ্রমণ দ্বিতীয় অবস্থানে রয়েছে। ২০২৭ সালের হানিমুনের জনপ্রিয় পাঁচ গন্তব্য হলো গ্রিস, বালি, মালদ্বীপ, ইতালি ও ফ্রেঞ্চ পলিনেশিয়া।

গোপনীয়তা
সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে অখ্যাত জায়গাও দ্রুত ভিড়ের পর্যটনকেন্দ্রে পরিণত হচ্ছে। তাই বিলাসবহুল পর্যটকদের কাছে ভিড় ও ক্যামেরার ঝামেলা এড়িয়ে ব্যক্তিগতভাবে ভ্রমণের সুযোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

ব্যক্তিকেন্দ্রিক অভিজ্ঞতা
বিলাসবহুল পর্যটকরা এখন শুধু দামি ভ্রমণ নয়, নিজেদের পছন্দ অনুযায়ী সাজানো অভিজ্ঞতা চান। ব্যক্তিগত ট্যুর কিংবা নিজের পছন্দ অনুযায়ী বিশেষ খাবারের আয়োজন এর উদাহরণ।

অ্যাডভেঞ্চার ভ্রমণ
তালিকার শেষদিকে থাকলেও অ্যাডভেঞ্চার ভ্রমণের চাহিদা বাড়ছে। ২০২৭ সালে অ্যাডভেঞ্চার ভ্রমণের জনপ্রিয় পাঁচ গন্তব্য হলো অ্যান্টার্কটিকা, দক্ষিণ আফ্রিকা, আইসল্যান্ড, কোস্টারিকা ও কেনিয়া।