সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো যাত্রীবাহী রেলপথে যুক্ত হলো দুবাই ও আবুধাবি। এতিহাদ রেল ৩০ সেপ্টেম্বর বুধবার থেকে এই রুটে যাত্রীবাহী ট্রেন চালু করেছে। 
প্রথম ট্রেনটি সকাল ৬টা ১৪ মিনিটে দুবাইয়ের আল ইয়ালাইস স্টেশন থেকে আবুধাবির উদ্দেশে যাত্রা করে এবং মাত্র ৬৪ মিনিটে গন্তব্যে পৌঁছে।
সড়কপথে গাড়ি বা কোচে দুই শহরের মধ্যে যেতে সাধারণত প্রায় দেড় ঘণ্টা সময় লাগে। ফলে নতুন ট্রেনটি দুবাই–আবুধাবি যাতায়াতের সবচেয়ে দ্রুত মাধ্যম হয়ে উঠেছে।
প্রতিদিন দুই দিকেই পাঁচটি করে ট্রেন চলবে— সকালে দুটি এবং বিকেলে তিনটি। আবুধাবি থেকে শেষ ট্রেন ছাড়বে বিকেল ৫টা ৪৩ মিনিটে, আর দুবাই থেকে শেষ ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে।
স্ট্যান্ডার্ড শ্রেণির টিকিট শুরু হয়েছে ৩৯ দিরহাম বা প্রায় ১,৩৪০ টাকা থেকে। প্রিমিয়াম শ্রেণির ভাড়া ১০৯ দিরহাম বা প্রায় ৩৬৫০ টাকা।
প্রিমিয়াম যাত্রীরা বেশি লেগরুম, হেলান দেওয়া আসন, বিনামূল্যে ওয়াই-ফাই ও স্ন্যাকস পাবেন।
প্রতিটি নতুন ট্রেনে সর্বোচ্চ ৪০০ জন যাত্রী ধারণ করা যাবে। ১৩টি ট্রেন নিয়ে গড়ে ওঠা এই নেটওয়ার্ক ২০৩০ সালের মধ্যে বছরে ৩ কোটি ৬৫ লাখ যাত্রী পরিবহনের লক্ষ্য নিয়েছে।
এতিহাদ রেলের পুরো যাত্রীবাহী নেটওয়ার্ক চালু হলে সংযুক্ত আরব আমিরাতের ১১টি শহর দ্রুতগতির রেলসেবায় যুক্ত হবে। ভবিষ্যতে দেশের সীমান্তের বাইরেও এই রেল নেটওয়ার্ক সম্প্রসারণের সম্ভাবনা খতিয়ে দেখা হবে।