চীনে বিদেশি পর্যটকদের ভ্রমণের ধরন বদলে যাচ্ছে। প্রাচীন স্থাপত্য, প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতির পাশাপাশি আধুনিক প্রযুক্তি, নকশার পণ্য, বৈচিত্র্যময় খাবার এবং সাশ্রয়ী কেনাকাটা এখন তাদের ভ্রমণের বড় আকর্ষণ। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠা ‘চায়না হল’ প্রবণতা এই আগ্রহকে আরও বাড়িয়ে দিয়েছে। ফলে কেউ কেউ দেশটিতে যাচ্ছেন প্রায় খালি স্যুটকেস নিয়ে, ফেরার সময় সেটি ভরছেন কেনাকাটার পণ্যে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম সাত মাসে বিদেশি পর্যটকরা দেশটিতে ২৬৩ দশমিক ৬ বিলিয়ন ইউয়ান, প্রায় ৩৯ বিলিয়ন মার্কিন ডলার, ব্যয় করেছেন। আগের বছরের একই সময়ের তুলনায় এ ব্যয় ২৭ দশমিক ৮ শতাংশ বেশি।
সরকারি তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিদেশি নাগরিকরা প্রায় ৬ কোটি ১২ লাখ ৯০ হাজার বার চীনের সীমান্ত অতিক্রম করেছেন। আগের বছরের তুলনায় এ সংখ্যা ১৯ দশমিক ৫ শতাংশ বেশি। এর মধ্যে ২ কোটি ৩৭ লাখ ২০ হাজার প্রবেশ ছিল ভিসামুক্ত, যা ২০২৫ সালের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।
প্রযুক্তিপণ্যের টানে শেনঝেনে
দক্ষিণ চীনের প্রযুক্তিকেন্দ্র শেনঝেন বিদেশি পর্যটকদের কেনাকাটার অন্যতম গন্তব্য হয়ে উঠেছে। শহরের বিশাল ইলেকট্রনিক্স বাজার হুয়াচিয়াংবেইতে চলতি বছর প্রতিদিন গড়ে প্রায় ৮ হাজার বিদেশি ক্রেতা এসেছেন।
জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পণ্যের বিক্রি গত বছরের তুলনায় ৫৫ শতাংশের বেশি বেড়েছে। এআই চশমার বিক্রি দ্বিগুণ হয়েছে। ড্রোন ও রোবটের বিক্রি বেড়েছে ৬০ থেকে ৭০ শতাংশ।
ট্রিবোল্ডি নামের এক পর্যটক বলেন, প্রযুক্তির কারণেই তারা চীন সফরের প্রথম গন্তব্য হিসেবে শেনঝেনকে বেছে নিয়েছেন। তার ১১ বছর বয়সী ছেলে ডিজেআইয়ের ড্রোন কিনতে আগ্রহী।
প্রযুক্তিপণ্য ছাড়াও চীনা খাবার, নাস্তা, পোশাক, প্রসাধনী, খেলনা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিও বিদেশিদের আগ্রহ বাড়ছে।
সাশ্রয়ী দাম ও কর ফেরত
বিদেশি পর্যটকদের কেনাকাটায় উৎসাহ দিতে ভিসামুক্ত প্রবেশের পাশাপাশি প্রস্থানকালে কর ফেরতের সুবিধাও চালু রয়েছে। ২০২৬ সালের প্রথম সাত মাসে কর ফেরতের জন্য আবেদনকারী বিদেশি পর্যটকের সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় তিনগুণের বেশি বেড়েছে।
চেংডুতে সফর শেষে হাঙ্গেরীয় পর্যটক আনামারিয়া তার মা ও ছোট ভাইয়ের জন্য চা, চায়ের কাপ ও চায়ের কেটলি কিনেছেন। তার ভাষায়, চীনে কেনাকাটা সুবিধাজনক এবং পণ্যের বিকল্পও অনেক।
নগদবিহীন কেনাকাটাও বড় আকর্ষণ
চীনে বিদেশি পর্যটকদের জন্য আরেকটি সুবিধা হলো মোবাইলভিত্তিক অর্থ পরিশোধ। হন্ডুরাসের শিক্ষার্থী রজার মাতুতে জানান, চীনে এসে তিনি খুব কমই নগদ অর্থ ব্যবহার করেছেন। উইচ্যাট বা আলিপের মাধ্যমে স্মার্টফোনেই সহজে কেনাকাটার মূল্য পরিশোধ করা যায়।
বিশেষজ্ঞদের মতে, কর ফেরত, মোবাইল পেমেন্ট ও ভিসামুক্ত প্রবেশের মতো সুবিধা বিদেশি পর্যটকদের কেনাকাটার খরচ ও ঝামেলা কমিয়েছে। ফলে ‘চায়না হল’ প্রবণতা আরও বিস্তৃত হচ্ছে।
এ প্রবণতা দেখাচ্ছে, পর্যটকদের কাছে চীন এখন শুধু দর্শনীয় স্থান দেখার গন্তব্য নয়। দেশটির প্রযুক্তি, পণ্য, নকশা, খাবার ও জীবনযাপনের অভিজ্ঞতাও ভ্রমণের আকর্ষণে পরিণত হয়েছে।
সূত্র: সিনহুয়া