বাংলাদেশ থেকে উন্নত চিকিৎসার জন্য প্রতিবছর বিপুলসংখ্যক রোগী বিদেশে যান। এই চিকিৎসা ভ্রমণকে আরও সহজ, স্বচ্ছ ও আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিত করতে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেডিকেল ভ্যালু ট্রাভেল (এমভিটি) সামিট ২০২৬’। আগামী ১৪ নভেম্বর নগরের দ্য পেনিনসুলা হোটেলে সম্মেলনটি আয়োজন করবে চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরাম।
রোববার (৪ অক্টোবর) নগরের জিইসি মোড়ের দ্য প্যাভিলিয়ন রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে সামিটের কর্মপরিকল্পনা ও আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকেরা।
চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম রাজু, সহসভাপতি নুরুল আনোয়ার জীবন, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সহসভাপতি দাউদ আরমান এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন মানিক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, চট্টগ্রাম অঞ্চল থেকে প্রতিবছর অনেক রোগী উন্নত চিকিৎসার জন্য দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে যান। আন্তর্জাতিক হাসপাতাল, চিকিৎসক ও বিশেষজ্ঞদের সঙ্গে স্থানীয় স্বাস্থ্যসেবা খাতের যোগাযোগ বাড়িয়ে রোগীদের চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া সহজ করাই সামিটের অন্যতম লক্ষ্য।
সম্মেলনে বিভিন্ন দেশের হাসপাতালের প্রতিনিধি, স্বাস্থ্যসেবা খাতের উদ্যোক্তা ও চিকিৎসাবিশেষজ্ঞরা অংশ নেবেন। ব্যবসায়িক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে বৈঠক, প্যানেল আলোচনা এবং স্বাস্থ্যসেবা খাতের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম রাজু বলেন, সামিটে চীন, মালয়েশিয়া, ভারত ও থাইল্যান্ডের বিভিন্ন হাসপাতালের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। রোগীরা তাদের সঙ্গে সরাসরি পরামর্শ করে চিকিৎসার বিভিন্ন সুযোগ সম্পর্কে ধারণা নিতে পারবেন।
আয়োজকদের আশা, সম্মেলনের মাধ্যমে চট্টগ্রামের স্বাস্থ্যসেবা খাতের সঙ্গে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর যোগাযোগ আরও বাড়বে। এতে স্থানীয় চিকিৎসাব্যবস্থার উন্নয়নের পাশাপাশি রোগীদের আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ আরও সহজ ও স্বচ্ছ হবে।
বাংলাদেশ থেকে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রবণতার বাজারও সম্প্রসারিত হচ্ছে। মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রায় ৭০ হাজার বাংলাদেশি চিকিৎসা ভ্রমণে মালয়েশিয়া যান। এ খাত থেকে দেশটির আয় হয় প্রায় ৫০ কোটি মালয়েশিয়ান রিঙ্গিত।