মালয়েশিয়ার কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি মেলায় অংশ নিয়ে বাংলাদেশের পর্যটন গন্তব্য, প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরছে বাংলাদেশ। একই সঙ্গে পর্যটন প্রযুক্তির বিভিন্ন সেবাও আন্তর্জাতিক দর্শনার্থীদের সামনে উপস্থাপন করা হচ্ছে।
কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে ২ অক্টোবর শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচারাল এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স ২০২৬’ বা ইনট্যাক-২০২৬। মেলাটি ৪ অক্টোবর পর্যন্ত চলবে। আয়োজকদের তথ্য অনুযায়ী, এটি পর্যটন, শিল্প ও সংস্কৃতি খাতের আন্তর্জাতিক অংশীজনদের যোগাযোগ ও সহযোগিতার একটি প্ল্যাটফর্ম।
মেলায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন এবং বাংলাদেশি পর্যটন প্রযুক্তি প্রতিষ্ঠান এম ৩৬০ আইসিটি অংশ নিচ্ছে। বাংলাদেশের জন্য দুটি বুথ রাখা হয়েছে। সেখানে বিভিন্ন তথ্য ও উপকরণের মাধ্যমে দেশের পর্যটন সম্ভাবনা, আকর্ষণীয় গন্তব্য এবং পর্যটন প্রযুক্তির বিভিন্ন সেবা তুলে ধরা হচ্ছে।
বিদেশি দর্শনার্থীদের পাশাপাশি মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরাও তাদের সহপাঠীদের নিয়ে বাংলাদেশ বুথ পরিদর্শন করছেন।
মেলার প্রথম দিন বিকেল ৩টায় উন্মুক্ত মঞ্চে বাংলাদেশের পর্যটনবিষয়ক ভিডিও প্রদর্শন ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। শামিমার নেতৃত্বে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি সংস্কৃতিকর্মীদের একটি দল এতে অংশ নেয়।
মেলার প্রথম দিন বাংলাদেশ হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী বাংলাদেশসহ বিভিন্ন দেশের বুথ পরিদর্শন করেন। তিনি দর্শনার্থীদের কাছে বাংলাদেশকে পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরেন এবং পর্যটন, শিল্প, সংস্কৃতি ও প্রযুক্তি খাতের সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
উদ্বোধনের পর প্রধান অতিথি ডেপুটি ডাইরেক্টর জেনারেল একবাল সেতিয়াসহ আয়োজক ও অংশগ্রহণকারী প্রতিনিধিরাও বাংলাদেশের বুথ পরিদর্শন করেন।
ইনট্যাক-২০২৬-এর মাধ্যমে বাংলাদেশের পর্যটন আকর্ষণ আন্তর্জাতিক দর্শনার্থীদের কাছে তুলে ধরার পাশাপাশি বিদেশি পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ এবং ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে।