আকাশপথে দীর্ঘ ভ্রমণের সময় ইন্টারনেট সংযোগ এখন যাত্রীসেবার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। সেই বিবেচনায় ২০২৬ সালের ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসে প্রথমবারের মতো ‘বিশ্বের সেরা অনবোর্ড ওয়াই-ফাই’ পুরস্কার পেয়েছে কাতার এয়ারওয়েজ। লন্ডনে আয়োজিত অনুষ্ঠানে আন্তর্জাতিক বিমান মূল্যায়ন সংস্থা স্কাইট্র্যাক্স এ পুরস্কার ঘোষণা করে।
এবারের আয়োজনে কাতার এয়ারওয়েজ মোট চারটি স্বীকৃতি পেয়েছে। এর মধ্যে রয়েছে ‘বিশ্বের সেরা অনবোর্ড ওয়াই-ফাই’, ‘বিশ্বের সেরা বিজনেস ক্লাস’ এবং ‘মধ্যপ্রাচ্যের সেরা এয়ারলাইন’। এ ছাড়া ‘বিশ্বের সেরা এয়ারলাইন ইনফ্লাইট এন্টারটেইনমেন্ট’ বিভাগে চতুর্থ এবং ‘বিশ্বের সেরা ইকোনমি ক্লাস এয়ারলাইন’ বিভাগে তৃতীয় হয়েছে সংস্থাটি।
বিশ্বসেরা এয়ারলাইন হিসেবে এর আগে নয়বার স্বীকৃতি পাওয়া কাতার এয়ারওয়েজ এবারের সামগ্রিক র্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। প্রথম হয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় কাতার এয়ারওয়েজ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা হামাদ আল খাতের বলেন, স্কাইট্র্যাক্সের কাছ থেকে চারটি ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ড পাওয়া তাদের জন্য সম্মানের। এর মধ্যে ১৩তমবারের মতো ‘বিশ্বের সেরা বিজনেস ক্লাস’ এবং প্রথমবারের মতো ‘বিশ্বের সেরা অনবোর্ড ওয়াই-ফাই’ স্বীকৃতি পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
তার ভাষ্য, এসব অর্জনের পেছনে কাতার এয়ারওয়েজের কর্মীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। প্রতিষ্ঠানটির প্রায় ৬০ হাজার কর্মী প্রতিদিন যাত্রীদের উন্নত ভ্রমণ অভিজ্ঞতা দিতে কাজ করছেন।
স্কাইট্র্যাক্স জানিয়েছে, যাত্রীদের জন্য দ্রুতগতির ও বিনামূল্যের ইন্টারনেট সংযোগের গুরুত্ব বিবেচনায় ২০২৬ সালে প্রথমবারের মতো ‘সেরা ওয়াই-ফাই’ বিভাগ চালু করা হয়েছে। উড়োজাহাজে ইন্টারনেট সুবিধা থাকলে যাত্রীরা ভ্রমণের সময় কাজ করা, যোগাযোগ রাখা, অনলাইনে প্রয়োজনীয় তথ্য খোঁজা এবং বিনোদন গ্রহণের সুযোগ পান।
ভারতীয় এয়ারলাইনগুলোর অবস্থান
২০২৬ সালের স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসও বিভিন্ন বিভাগে স্বীকৃতি পেয়েছে। ইন্ডিগো ‘ভারত ও দক্ষিণ এশিয়ার সেরা লো-কস্ট এয়ারলাইন’ এবং ‘ভারত ও দক্ষিণ এশিয়ার সেরা এয়ারলাইন কেবিন ক্রু’ পুরস্কার পেয়েছে।
বিশ্বব্যাপী এয়ারলাইন র্যাঙ্কিংয়ে ভারতের এয়ার ইন্ডিয়া ৫৭তম অবস্থানে রয়েছে। গত বছর ৮২তম অবস্থানে থাকা এয়ারলাইনটি এবার ২৫ ধাপ এগিয়েছে। অন্যদিকে ইন্ডিগোর অবস্থান ৬১তম, যেখানে গত বছর ছিল ৩৯তম।
যাত্রীদের মতামতে নির্ধারিত পুরস্কার
১৯৮৯ সালে প্রতিষ্ঠিত স্কাইট্র্যাক্সের সদর দফতর লন্ডনে। প্রতিষ্ঠানটির এয়ারলাইন ও বিমানবন্দর মূল্যায়ন কার্যক্রম যাত্রীদের মতামতের ভিত্তিতে পরিচালিত হয়।
২০২৫ থেকে ২০২৬ সালের জরিপটি ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত পরিচালিত হয়। এতে ৩০০টির বেশি এয়ারলাইন এবং ১০০টির বেশি জাতীয়তার যাত্রী অংশ নেন।
স্কাইট্র্যাক্সের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি নিজস্ব অর্থায়নে জরিপ ও পুরস্কার কার্যক্রম পরিচালনা করে এবং এ জন্য কোনো স্পনসরশিপ বা অংশগ্রহণ ফি নেয় না।