বাংলাদেশের ভিসা আবেদন ও সংশ্লিষ্ট সেবা সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে। ঢাকায় অবস্থিত এমআরভি-এর কেন্দ্রীয় সার্ভারে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশন থেকে ভিসা ও নো ভিসা সেবা স্বাভাবিকভাবে দেওয়া যাচ্ছে না। এতে বাংলাদেশে ভ্রমণের পরিকল্পনা করা বিদেশি নাগরিকদের পাশাপাশি ভিসা-সংক্রান্ত সেবাপ্রত্যাশীদের ভোগান্তিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক ও লিসবন পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ব্যাংকক দূতাবাস জানিয়েছে, ভিসা সার্ভারে সাময়িক কারিগরি ত্রুটির কারণে আবেদনকারীরা ভিসা আবেদন জমা দেওয়া এবং ভিসা-সংক্রান্ত অন্যান্য সেবা গ্রহণের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কারিগরি দল কাজ করছে।
দূতাবাসটি আরও জানিয়েছে, সিস্টেম পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত যেখানে সম্ভব, অবিলম্বে ভিসা প্রক্রিয়াকরণের ওপর নির্ভরশীল জরুরি ভ্রমণ পরিকল্পনা এড়িয়ে চলতে আবেদনকারীদের অনুরোধ করা হয়েছে।
অন্যদিকে, লিসবনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ঢাকায় অবস্থিত এমআরভি-এর কেন্দ্রীয় সার্ভার সাময়িকভাবে অচল থাকায় ভিসা ও নো ভিসা সেবা ব্যাহত হচ্ছে। সার্ভারটি দ্রুত সচল করতে সংশ্লিষ্ট কারিগরি দল কাজ করছে।
কেন্দ্রীয় সার্ভার পুনরায় চালু হওয়ার পর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে ইতিবাচক সংকেত পাওয়ার পর দূতাবাস পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে সেবার অগ্রগতি জানাবে।
বাংলাদেশের ভিসা আবেদন প্রক্রিয়ায় অনলাইন আবেদন একটি গুরুত্বপূর্ণ ধাপ। লিসবনে বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, পর্যটন ভিসার আবেদন অনলাইনে পূরণ করে তা প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্রসহ দূতাবাসে জমা দিতে হয়।
দুই দূতাবাসই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে।