রাঙামাটির কাপ্তাইয়ের সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের অবাধ প্রবেশ ও যাতায়াত বন্ধ করেছে বন বিভাগ। দুর্গম পাহাড়ি এলাকায় পর্যটকদের পথ হারানো ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় সম্প্রতি এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে সংরক্ষিত বনাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিষেধাজ্ঞার কথা জানিয়ে সতর্কতামূলক বিলবোর্ড বসানো হয়েছে।
গত ২৯ আগস্ট কাপ্তাইয়ের সংরক্ষিত বনের সীতাপাহাড় এলাকায় ঘুরতে গিয়ে চার পর্যটক পথ হারান। পরে ফায়ার সার্ভিস, বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়।
বন বিভাগ সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে শীত মৌসুমের বাইরেও পাহাড় ও বনাঞ্চলের দুর্গম এলাকায় ট্র্যাকিংয়ে গিয়ে বেশ কয়েকজন পর্যটক বিপদে পড়েছেন। অনেকেই স্থানীয় গাইড ছাড়া এবং বন বিভাগের নির্দেশনা না মেনে সংরক্ষিত এলাকায় প্রবেশ করছেন। এতে পথ হারানো, পাহাড়ি দুর্ঘটনা এবং বন্যপ্রাণীর মুখোমুখি হওয়ার মতো ঝুঁকি তৈরি হচ্ছে।
পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি বনের জীববৈচিত্র্য রক্ষার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে বলে বন বিভাগ জানিয়েছে। সংরক্ষিত বনাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকায় সতর্কতামূলক সাইনবোর্ড ও নির্দেশনা দেওয়া হয়েছে।
বন বিভাগের কাপ্তাই রেঞ্জের রামপাহাড় বিট অফিসার মোহাম্মদ মিঠু তালুকদার জানান, সংরক্ষিত বনাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সতর্কতামূলক বিলবোর্ড বসানো হয়েছে। এতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। জনসাধারণকে সচেতন করা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই এসব বিলবোর্ড স্থাপন করা হচ্ছে।