আট ঘণ্টার একটি ইকোনমি ক্লাসের ফ্লাইটে এক ইঞ্চি বেশি প্রশস্ত আসন, একটু বেশি লেগরুম, ভালো হেডরেস্ট কিংবা পানীয় রাখার আলাদা জায়গা— ছোট মনে হলেও এসব সুবিধা যাত্রার অভিজ্ঞতায় বড় পার্থক্য তৈরি করতে পারে। ২০২৬ সালের ‘স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসে’ ইকোনমি ক্লাসে যাত্রীদের অভিজ্ঞতার ভিত্তিতে বিশ্বের সেরা পাঁচ এয়ারলাইন নির্বাচিত হয়েছে।
তালিকায় প্রথমে রয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস, এরপর ক্যাথে প্যাসিফিক, কাতার এয়ারওয়েজ, ইভিএ এয়ার এবং এএনএ অল নিপ্পন এয়ারওয়েজ। স্কাইট্র্যাক্সের বার্ষিক যাত্রী সন্তুষ্টি জরিপে বিমানবন্দর ও উড়োজাহাজের অভিজ্ঞতার বিভিন্ন দিক বিবেচনা করা হয়।
১. সিঙ্গাপুর এয়ারলাইনস
ইকোনমি ক্লাসে সিঙ্গাপুর এয়ারলাইনসের বড় সুবিধাগুলোর একটি হলো তুলনামূলক প্রশস্ত আসন। তাদের বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজে ইকোনমি কেবিনে সাধারণত ৩-৩-৩ বিন্যাসে নয়টি আসন থাকে। একই ধরনের উড়োজাহাজে অনেক এয়ারলাইন ১০টি আসন বসায়।
এ ছাড়া এয়ারলাইনটি ইকোনমি ক্যাটারিংয়ে প্রথম হয়েছে। সামঞ্জস্যযোগ্য হেড সাপোর্ট, ক্রিসওয়ার্ল্ড বিনোদন ব্যবস্থা, পা রাখার বার এবং আলাদা কাপহোল্ডারের মতো ছোট সুবিধাও যাত্রীদের আরাম বাড়ায়।
২. ক্যাথে প্যাসিফিক
ক্যাথে প্যাসিফিক বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিকভাবে ভালো করেছে। ইকোনমি আসনে চতুর্থ, খাবারে তৃতীয় এবং ইন-ফ্লাইট বিনোদনে তৃতীয় হয়েছে। ২০২৬ সালে স্কাইট্র্যাক্স এটিকে বিশ্বের সেরা কেবিন ক্রুসমৃদ্ধ এয়ারলাইনও বলেছে।
নতুন বা সংস্কার করা উড়োজাহাজে ইকোনমি যাত্রীদের জন্য ৪কে স্ক্রিন, ব্লুটুথ অডিও ও উন্নত স্টোরেজ সুবিধা রয়েছে। দীর্ঘ ফ্লাইটে পরিচ্ছন্ন টয়লেট ও মনোযোগী কেবিন ক্রুও যাত্রার অভিজ্ঞতায় পার্থক্য তৈরি করে।
৩. কাতার এয়ারওয়েজ
সামগ্রিক তালিকায় তৃতীয় হলেও ইকোনমি আসনের আলাদা তালিকায় কাতার এয়ারওয়েজ ষষ্ঠ। অর্থাৎ তাদের শক্তি শুধু আসনের জায়গায় নয়, বরং যাত্রীদের পুরো ফ্লাইটের সময়কে আরও কার্যকর করে তোলায়।
এর বড় উদাহরণ ইন-ফ্লাইট ইন্টারনেট। কাতার এয়ারওয়েজ বোয়িং ৭৭৭, এয়ারবাস এ৩৫০ ও বোয়িং ৭৮৭সহ বিভিন্ন ওয়াইডবডি উড়োজাহাজে স্টারলিংক চালু করছে। সুবিধাটি থাকলে দ্রুত ব্রাউজিং, স্ট্রিমিং ও ভিডিও কল করা যায়।
৪. ইভিএ এয়ার
তাইওয়ানের ইভিএ এয়ারের মূল শক্তি হলো আরামদায়ক আসন ও যত্নশীল নকশা। সামঞ্জস্যযোগ্য হেডরেস্ট ও আরামদায়ক আসনের নকশা দীর্ঘ সময় বসে থাকার চাপ কমাতে সাহায্য করে।
খাবারেও রয়েছে আলাদা বৈশিষ্ট্য। ইকোনমি মেনুতে তাইওয়ানিজ ও অন্যান্য এশীয় খাবার থাকে। স্কাইট্র্যাক্সের ইকোনমি ক্যাটারিং তালিকায় সিঙ্গাপুর এয়ারলাইনসের পরই রয়েছে ইভিএ এয়ার।
৫. এএনএ অল নিপ্পন এয়ারওয়েজ
কিছু উড়োজাহাজে এএনএর সবচেয়ে বড় সুবিধা লেগরুম। কয়েকটি বোয়িং ৭৮৭-৯ কনফিগারেশনে সিট পিচ ৩৪ ইঞ্চি পর্যন্ত, যেখানে অনেক দীর্ঘপাল্লার ইকোনমি কেবিনে তা ৩১–৩২ ইঞ্চি।
কিছু ৭৮৭-৯ উড়োজাহাজে ফুটরেস্ট, সামঞ্জস্যযোগ্য হেডরেস্ট, বড় বিনোদন স্ক্রিন, ইউএসবি-সি চার্জিং ও ব্লুটুথ অডিও সুবিধাও রয়েছে। তবে উড়োজাহাজভেদে আসনের জায়গা ভিন্ন হতে পারে। তাই বুকিংয়ের আগে উড়োজাহাজ ও সিট ম্যাপ দেখে নেওয়া গুরুত্বপূর্ণ।
সব মিলিয়ে, সেরা ইকোনমি কেবিন শুধু বেশি জায়গার ওপর নির্ভর করে না। আরামদায়ক আসন, ভালো খাবার, মনোযোগী সেবা, বিনোদন ও সংযোগ সুবিধা—সবকিছুর ধারাবাহিক সমন্বয়ই দীর্ঘ ফ্লাইটকে আরামদায়ক করে তুলতে পারে।