বিনামূল্যের ভ্রমণ বলা হলেও অনেক গাইডকে প্রতিটি পর্যটকের জন্য ফি দিতে হয়। তাই এমন ট্যুরে যাওয়ার আগে কিছু বিষয় জেনে রাখা জরুরি।
ডিসেম্বরের এক বৃষ্টিভেজা দিনে রোমের পিয়াজা বারবেরিনির কাছে দাঁড়িয়ে ছিলেন ড্যাফনি। তাঁর ‘ফ্রি’ ওয়াকিং ট্যুরে পাঁচজন পর্যটক বুক করেছিলেন। কিন্তু আধা ঘণ্টা অপেক্ষা করেও কেউ এলেন না। টানা তৃতীয়বার এমন ঘটনা ঘটল।
পর্যটকদের কোনো আর্থিক ক্ষতি হয়নি। কিন্তু ড্যাফনির হয়েছে। কারণ সেদিন তিনি অন্য কোনো পারিশ্রমিকের কাজ না করে ট্যুরের জন্য সময় দিয়েছিলেন। ফলে কেউ না আসায় তার সময় ও আয়— দুটিই নষ্ট হয়েছে।
তাহলে ট্যুর যদি ফ্রি হয়, গাইড টাকা আশা করবেন কেন?
ফ্রি ওয়াকিং ট্যুর কীভাবে কাজ করে?
এ ধরনের ট্যুরে আগে কোনো টাকা দিতে হয় না। শেষে গাইডকে নিজের সামর্থ্য ও অভিজ্ঞতা অনুযায়ী টিপ দিতে উৎসাহিত করা হয়। ইউরোপে ২০০০-এর দশকের শুরুতে এই মডেল জনপ্রিয় হওয়ার পর এখন বিভিন্ন প্ল্যাটফর্মে ফ্রিল্যান্স গাইডরা ট্যুর পরিচালনা করেন।
তবে অনেক ক্ষেত্রে পর্যটক বুক করে সত্যিই ট্যুরে এলে গাইডকে প্ল্যাটফর্মকে বুকিং বা ‘ফাইন্ডারস ফি’ দিতে হয়। ড্যাফনি জানান, একটি প্রতিষ্ঠানে প্রত্যেক পর্যটকের জন্য তাঁকে ৩ ইউরো দিতে হয়। ফলে খুব কম টিপ পেলে তাঁর আয় সামান্য হয়ে যেতে পারে, এমনকি কোনো পর্যটকের কারণে লোকসানও হতে পারে।
অন্যদিকে পর্যটকদের জন্য আগাম টাকা না দেওয়ার সুবিধাই এই ট্যুরের বড় আকর্ষণ। বাজেটভিত্তিক ভ্রমণকারী কাশ ভট্টাচার্যের মতে, নিজের সামর্থ্য ও ট্যুর কতটা ভালো লেগেছে—তার ভিত্তিতে টাকা দেওয়ার সুযোগটি শিক্ষার্থী বা কম বাজেটের পর্যটকদের জন্য সুবিধাজনক।
টিপ দিতে না চাইলে?
আগেই নির্দিষ্ট মূল্য জানতে চাইলে সাধারণ পেইড ট্যুর বুক করাই সহজ। কারণ কোনো কোনো শহরে প্রচলিত ট্যুরের মূল্য এমনকি ফ্রি ট্যুরের শেষে দেওয়া টিপের সমান বা কমও হতে পারে।
কেন টিপ গুরুত্বপূর্ণ?
‘ফ্রি’ বলা হলেও অনেক গাইডের আয়ের বড় অংশ টিপের ওপর নির্ভর করে। ইস্তাম্বুলে এক গাইডকে একজন পর্যটক কম টিপ দেওয়ার পর তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। ঘটনাটি দেখিয়ে দেয়, পর্যটকরা ট্যুরকে সম্পূর্ণ বিনামূল্যের সেবা মনে করলেও গাইডের জন্য বিষয়টি তেমন নয়।
বার্লিন গাইডস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিদার মে এলিস বলেন, কেউ ‘ফ্রি’ শব্দটিকে আক্ষরিক অর্থে নিতেই পারেন। তবে ভ্রমণকারীরা কয়েক ইউরো ট্যুরের জন্য দিতে পারবেন—এমন প্রত্যাশাও রয়েছে।
কত টাকা টিপ দেবেন?
এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই। কিছু প্ল্যাটফর্ম জনপ্রতি ১৫ থেকে ৫০ ইউরো পর্যন্ত টিপ দেওয়ার পরামর্শ দেয়। তবে গন্তব্যের জীবনযাত্রার খরচ, ট্যুরের মান এবং নিজের সামর্থ্য বিবেচনা করা উচিত।
রোমে থাকা ড্যাফনি জনপ্রতি অন্তত ১৫ ইউরো আশা করেন। ভিয়েনায় এক গাইড নতুন বছরের সময়ে অন্তত ২০ ইউরো দেওয়ার পরামর্শ দিয়েছিলেন, আর অনেক পর্যটক ২৫ ইউরো দিয়েছেন। ইস্তাম্বুলে লেখক ভালো ট্যুরের জন্য ১৫–২০ ইউরো টিপ দিয়েছেন।
তবে সবার সামর্থ্য এক নয়। দুজন শিক্ষার্থী মিলে ২০ ইউরো দিলেও ড্যাফনি তা মেনে নেবেন বলে জানান। পর্যটন বিশেষজ্ঞ কাশ ভট্টাচার্যের মতে, গাইড যদি আন্তরিকভাবে সময় দেন এবং ট্যুর উপভোগ্য করে তোলেন, তাহলে বেশি টিপ দেওয়া যেতে পারে।
আর ট্যুর ভালো না লাগলে? সোজা কথায়, চলে যেতে পারেন।