কক্সবাজারে বিশ্ব পর্যটন দিবসের তিন দিনের মেলা শুরু আজ

বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে পর্যটকদের বাড়তি আকর্ষণ দিতে কক্সবাজারে শুরু হচ্ছে তিন দিনের পর্যটন মেলা ও সাংস্কৃতিক আয়োজন। আজ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে চলবে নানা কর্মসূচি। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ আয়োজনে পর্যটন মেলার পাশাপাশি থাকবে সৈকত পরিচ্ছন্নতা অভিযান, সংগীত, র‍্যালি, ঘুড়ি উৎসব ও নৃত্য পরিবেশনা।

‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যে এবারের বিশ্ব পর্যটন দিবসের আয়োজন করা হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান স্বাক্ষরিত নোটিশে তিন দিনের কর্মসূচির তথ্য জানানো হয়েছে।

প্রথম দিন সকালে সমুদ্রসৈকত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। পরে লাবণী পয়েন্টে মেলার উদ্বোধন এবং বিকেলে লোকজ সংগীত, ফায়ার শো ও ব্যান্ড সংগীতের আয়োজন থাকবে।

২৬ সেপ্টেম্বর দ্বিতীয় দিনে আবারও সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি বিকেলে সুফি, কাওয়ালি, ফোক ও ডুয়েট গান পরিবেশিত হবে।

২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসের মূল আয়োজন। সকাল ৯টায় সুগন্ধা পয়েন্ট থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালি এবং সকাল ১০টায় আলোচনা সভা হবে। বিকেলে থাকবে ঘুড়ি উৎসব ও সমুদ্রসৈকতে নিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসা কার্যক্রমের প্রদর্শনী।

এদিন জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনার পাশাপাশি রাখাইন নৃত্য এবং চাকমা, ম্রো ও রাখাইন নৃগোষ্ঠীর নৃত্য পরিবেশিত হবে। রাতে ‘আঁলা’ পরিবেশনার মধ্য দিয়ে তিন দিনের আয়োজন শেষ হবে।

মেলায় কক্সবাজারের ঐতিহ্যবাহী খাবার ও পোশাক নিয়ে থাকবে অর্ধশতাধিক স্টল। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে পর্যটক ও দর্শনার্থীরা এসব আয়োজন উপভোগ করতে পারবেন।