সাইকেলে ভ্রমণের জনপ্রিয়তা বিশ্বজুড়েই বাড়ছে। নতুন এক গবেষণায় দেখা গেছে, সাইকেলভিত্তিক ছুটি নিয়ে গুগলে সার্চ গত সময়ে বেড়েছে ২৯২ শতাংশ। আর বিশ্বের সবচেয়ে সুন্দর সাইক্লিং রুটগুলোর তালিকায় ইউরোপের আধিপত্যও বেশ স্পষ্ট।
অ্যাডভেঞ্চার ট্রাভেল বুকিং প্ল্যাটফর্ম ৫২টি বিখ্যাত ও আকর্ষণীয় সাইক্লিং রুট নিয়ে গবেষণা করেছে। ২০০ জন অংশগ্রহণকারীর চোখের গতিবিধি পর্যবেক্ষণ করে দেখা হয়েছে, কোন রুট কত দ্রুত তাদের নজর কাড়ে এবং কতক্ষণ সেই দৃশ্যের প্রতি মনোযোগ ধরে রাখতে পারে। এর ভিত্তিতে প্রতিটি রুটকে ১০০-এর মধ্যে একটি স্কোর দেওয়া হয়েছে।

তালিকায় প্রথম হয়েছে কানাডার বো ভ্যালি পার্কওয়ে, বানফ থেকে লেক লুইস পর্যন্ত মনোরম এই পথের স্কোর ৯৭। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার গ্রেট ওশেন রোড, স্কোর ৯৪।
তবে ইউরোপের জন্য সুখবর হলো, বিশ্বের শীর্ষ ১৫টি রুটের মধ্যে আটটিই ইউরোপে।
তৃতীয় স্থানে রয়েছে ইতালির টাসকানি গ্রেভেল রুটস, স্কোর ৯১। সাইপ্রাস গাছের সারি, আঙুরের বাগান এবং শতাব্দীপ্রাচীন পাহাড়ি শহরের মধ্য দিয়ে যাওয়া এই রুট বিশেষভাবে আকর্ষণীয়।
চতুর্থ স্থানে জার্মানির এলবে সাইকেল রুট, স্কোর ৯০। প্রায় ১ হাজার ২২০ কিলোমিটার দীর্ঘ এই রুট চেকিয়া থেকে উত্তর সাগরের দিকে এলবে নদী অনুসরণ করে। পথে ঐতিহাসিক শহর, গ্রামাঞ্চল ও জার্মানির নানা প্রাকৃতিক দৃশ্য দেখা যায়।

ষষ্ঠ স্থানে রয়েছে নেদারল্যান্ডসের আমস্টারডাম সাইকেল রুট ১০, স্কোর ৮৬। খাল, পার্ক, ঐতিহাসিক এলাকা পেরিয়ে শহরের বাইরের শান্ত গ্রামাঞ্চলেও নিয়ে যায় এই বৃত্তাকার রুট।
এরপর রয়েছে ইতালির স্টেলভিও পাস এবং ফ্রান্সের প্রোভেন্স ল্যাভেন্ডার রুট। স্টেলভিও পাস বিশ্বের কঠিন সাইক্লিং রুটগুলোর একটি এবং আল্পসের অন্যতম উঁচু পথ। অন্যদিকে গ্রীষ্মে প্রোভেন্সের ল্যাভেন্ডার রুটে দেখা যায় বেগুনি ফুলে ঢাকা বিশাল মাঠ, পাহাড়ি গ্রাম ও মনোরম গ্রামাঞ্চল।
স্কটল্যান্ডের নর্থ কোস্ট ৫০০ রয়েছে ১১তম স্থানে। ইনভারনেস থেকে শুরু ও শেষ হওয়া ৮০০ কিলোমিটারের বেশি দীর্ঘ এই রুট শেষ করতে দক্ষ সাইক্লিস্টদেরও পাঁচ দিন পর্যন্ত সময় লাগতে পারে।
ফ্রান্সের রুট দেস গ্রান্দেস আল্পস রয়েছে ১২তম স্থানে। লেক জেনেভা থেকে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত এই পথে রয়েছে উঁচু পাহাড়, গভীর উপত্যকা ও অসংখ্য পাহাড়ি গিরিপথ।
আর ১৪তম স্থানে রয়েছে লেক ওহরিড সার্কিট, যা উত্তর মেসিডোনিয়া ও আলবেনিয়ার সীমান্ত পেরিয়ে প্রায় ৯০ থেকে ৯৬ কিলোমিটার পথজুড়ে বিস্তৃত। ঐতিহাসিক শহর, মঠ এবং লেকের অপূর্ব দৃশ্য এই রুটের বিশেষ আকর্ষণ।

আর ১৫তম রুটটি কানাডার ভ্যাঙ্কুভার সিওয়াল।
গবেষণাটি দেখাচ্ছে, সাইকেলে ভ্রমণ শুধু গন্তব্যে পৌঁছানোর উপায় নয়। ধীরে চলতে চলতেই একটি দেশের প্রকৃতি, শহর ও সংস্কৃতিকে কাছ থেকে দেখার সুযোগ তৈরি হয়। আর বিশ্বের সবচেয়ে সুন্দর সাইক্লিং অভিজ্ঞতার বড় একটি অংশ যে ইউরোপেই, এই তালিকা তারই প্রমাণ।