সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় পর্যটন খাতের গুরুত্বপূর্ণ চারটি কার্যক্রমের বিধিমালা হালনাগাদ করার ঘোষণা দিয়েছে। এগুলো হলো—ভ্রমণ ও পর্যটন সেবা, ট্যুর গাইডিং, আতিথেয়তা প্রতিষ্ঠান এবং বেসরকারি আতিথেয়তা ইউনিট। 
হালনাগাদের লক্ষ্য হলো, পর্যটন খাতের নিয়ন্ত্রক কাঠামো আধুনিক করা, পরিচালনাগত দক্ষতা বাড়ানো এবং পুরো সৌদি আরবে পর্যটকদের সামগ্রিক অভিজ্ঞতার মান উন্নত করা। খবর: সৌদি প্রেস এজেন্সি।
মন্ত্রণালয় জানিয়েছে, নতুন পরিবর্তনগুলো ব্যবসার পরিবর্তনশীল মডেল ও আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার সঙ্গে বিধিমালার সামঞ্জস্য তৈরি করবে। একই সঙ্গে বিনিয়োগকারী, ব্যবসা পরিচালনাকারী ও সেবাগ্রহীতাদের সরাসরি মতামত এতে যুক্ত করা হয়েছে। তবে পর্যটকদের অধিকার সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
ভ্রমণ ও পর্যটন সেবার ক্ষেত্রে লাইসেন্সের শ্রেণিবিভাগ আরও সহজ করা হয়েছে এবং ব্যবসা পরিচালনায় নমনীয়তা বাড়ানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন মেয়াদের লাইসেন্সের সুযোগ রাখা হয়েছে। সেবা প্রদানকারীদের অধিকার ও দায়িত্বও আরও স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে।
ট্যুর গাইডিংয়ের ক্ষেত্রে শ্রেণিবিভাগের কাঠামো সহজ করা হয়েছে। এখন গাইডরা একাধিক অঞ্চল ও বিভিন্ন বিষয়ে কাজ করতে পারবেন। লাইসেন্স ও যোগ্যতা পরীক্ষার বিষয়গুলোও নতুনভাবে নিয়ন্ত্রিত হবে। পর্যটকদের সঙ্গে সরাসরি বুকিং এবং চুক্তি করার সুযোগও রাখা হয়েছে।
আতিথেয়তা প্রতিষ্ঠানগুলোর জন্য লাইসেন্স, শ্রেণিবিন্যাস, ডিজিটাল ব্যবস্থা এবং অনলাইন বুকিং ও পেমেন্টের মানদণ্ড আরও উন্নত করা হয়েছে। বিশেষায়িত আবাসন ব্যবস্থার নতুন শ্রেণিও যুক্ত করা হয়েছে। কোনো প্রতিষ্ঠানের শ্রেণিবিন্যাস তার পরিচালনাগত মান ও নিরাপত্তা বিধি মেনে চলার সঙ্গে সরাসরি যুক্ত করা হবে।
অন্যদিকে, বেসরকারি আতিথেয়তা ইউনিটের ক্ষেত্রে আগে যেখানে পারমিটভিত্তিক ব্যবস্থা ছিল, সেটি পরিবর্তন করে আনুষ্ঠানিক লাইসেন্সিং ব্যবস্থা চালু করা হয়েছে। এতে নিরাপত্তার মানদণ্ড, কোন ধরনের সম্পত্তি এই সেবার জন্য উপযুক্ত এবং ভোক্তার অধিকার—এসব বিষয় বিস্তারিতভাবে নির্ধারণ করা হয়েছে।
পর্যটন মন্ত্রণালয়ের মুখপাত্র নাসর আল-আনসারি বলেন, নতুন বিধিমালাগুলো পর্যটন সেবার মান নির্ধারণে স্পষ্ট মানদণ্ড তৈরি করবে। একই সঙ্গে খাতের কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হবে এবং ব্যবসা পরিচালনাকারীদের নিয়ম মেনে চলতে সহায়তা করা হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, সংশোধিত বিধিমালা ও নিয়ম মেনে চলার নির্দেশিকা তাদের অফিশিয়াল পোর্টালে পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্ট ব্যবসা পরিচালনাকারী, বিনিয়োগকারী ও সেবা প্রদানকারীদের নতুন নিয়ম অনুযায়ী নিজেদের কার্যক্রম সমন্বয় করার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে সহায়তা ও নিয়ন্ত্রক সংক্রান্ত প্রশ্নের জন্য ইউনিফায়েড ট্যুরিজম সেন্টার ৯৩০ নম্বরে যোগাযোগ করা যাবে।