নতুন এক র্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকায় শীর্ষস্থান পেয়েছে স্পেনের বার্সেলোনা-এল প্রাট জোসেপ তারাদেয়াস বিমানবন্দর এবং জার্মানির ডুসেলডর্ফ বিমানবন্দর।
বিশ্বের সেরা বিমানবন্দর বলতে আপনার কাছে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, অন্য কারও কাছে সেটি নাও হতে পারে। কেউ হয়তো বিমানবন্দরের ডিউটি-ফ্রি শপিংকে বেশি গুরুত্ব দেন। কারও কাছে শহরের কেন্দ্র থেকে বিমানবন্দর কতটা দূরে, সেটিই গুরুত্বপূর্ণ। আবার কেউ বিচার করেন একটি বিমানবন্দর থেকে সরাসরি কতটি গন্তব্যে যাওয়া যায়, তা দিয়ে।
এসব বিষয়সহ আরও বেশ কিছু মানদণ্ড বিবেচনায় নিয়ে নতুন করে তালিকাটি তৈরি করেছে ‘কনজিউমার চয়েস সেন্টার’। এতে বিশ্বের সেরা বিমানবন্দরগুলোর তালিকা তৈরি করা হয়েছে।
র্যাঙ্কিংটি দুটি ভাগে করা হয়েছে—প্রতি বছর ৪ কোটি ৭২ লাখের বেশি যাত্রী ব্যবহার করেন এমন বড় বিমানবন্দর এবং এর চেয়ে কম যাত্রী ব্যবহার করেন এমন ছোট বিমানবন্দর।
সূচক তৈরির সময় বিমানবন্দর থেকে মেট্রো বা জাতীয় রেলসেবায় সরাসরি যাতায়াতের সুযোগ, গেট ও টার্মিনালের মধ্যে যাত্রীদের চলাচল কতটা সহজ, বিভিন্ন এয়ারলাইনের উপস্থিতি, গড় ফ্লাইট বিলম্ব এবং বিমানবন্দরের ভেতরে বা সংলগ্ন এলাকায় হোটেল রয়েছে কি না—এসব বিষয় বিবেচনা করা হয়েছে।
এ ছাড়া নিরাপত্তা তল্লাশির অপেক্ষার সময় তিন মিনিটের কম হলে এবং বিমানবন্দরে রাতে ফ্লাইট চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞা না থাকলে অতিরিক্ত পয়েন্ট দেওয়া হয়েছে।
ফলাফল অনুযায়ী, বড় ও ছোট—দুই শ্রেণিতেই বিশ্বের সেরা বিমানবন্দর রয়েছে ইউরোপে। বড় বিমানবন্দরগুলোর মধ্যে শীর্ষে রয়েছে স্পেনের বার্সেলোনা-এল প্রাট জোসেপ তারাদেয়াস বিমানবন্দর। আর ছোট বিমানবন্দরগুলোর মধ্যে প্রথম হয়েছে জার্মানির ডুসেলডর্ফ বিমানবন্দর।
নিরাপত্তা তল্লাশির অপেক্ষার সময়ের দিক থেকেও দুটি বিমানবন্দর ভালো করেছে। বার্সেলোনায় যাত্রীদের গড়ে মাত্র তিন মিনিট অপেক্ষা করতে হয়। ডুসেলডর্ফে নিরাপত্তা প্রক্রিয়া প্রায় তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়।
সবচেয়ে খারাপ বিমানবন্দরগুলোর মধ্যে কারা?
বড় বিমানবন্দরগুলোর মধ্যে সবচেয়ে নিচের দিকে থাকা বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে তুরস্কের আনতালিয়া, চীনের গুয়াংঝু বাইয়ুন এবং জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর।
ছোট বিমানবন্দরগুলোর মধ্যে খারাপ অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার সিউল গিমপো, ডোমিনিকান রিপাবলিকের পুন্তা কানা এবং যুক্তরাজ্যের লন্ডন স্ট্যানস্টেড।
এসব বিমানবন্দরের সাধারণ সমস্যার মধ্যে রয়েছে শহরের কেন্দ্র থেকে অতিরিক্ত দূরত্ব, ট্যাক্সি কোম্পানির বাইরে রাইড-হেইলিং সেবার সীমিত সুযোগ, রেল যোগাযোগের দুর্বলতা, নিরাপত্তা তল্লাশিতে দীর্ঘ অপেক্ষা এবং ফ্লাইট বিলম্বের তুলনামূলক বেশি হার।
বিশ্বের সেরা বড় বিমানবন্দর
১. বার্সেলোনা-এল প্রাট জোসেপ তারাদেয়াস বিমানবন্দর, স্পেন
২. লিওনার্দো দা ভিঞ্চি-ফিউমিচিনো বিমানবন্দর, রোম, ইতালি
৩. লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর, যুক্তরাষ্ট্র
৪. ব্যাংকক সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর, থাইল্যান্ড
৫. শার্ল দ্য গল বিমানবন্দর, প্যারিস, ফ্রান্স
৬. কিং আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দর, জেদ্দা, সৌদি আরব
৭. লন্ডন হিথ্রো বিমানবন্দর, যুক্তরাজ্য
৮. আদলফো সুয়ারেজ মাদ্রিদ-বারাহাস বিমানবন্দর, স্পেন
৯. টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর (হানেদা), জাপান
১০. দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, সংযুক্ত আরব আমিরাত
অর্থাৎ, বিশ্বের সেরা ১০টি বড় বিমানবন্দরের তালিকায় এশিয়ার রয়েছে ৪টি— ব্যাংকক, জেদ্দা, টোকিও ও দুবাই।
বিশ্বের সেরা ছোট বিমানবন্দর
১. ডুসেলডর্ফ বিমানবন্দর, জার্মানি
২. জুরিখ বিমানবন্দর, সুইজারল্যান্ড
৩. কোপেনহেগেন বিমানবন্দর, ডেনমার্ক
৪. হেলসিঙ্কি বিমানবন্দর, ফিনল্যান্ড
৫. মিলান মালপেনসা বিমানবন্দর, ইতালি
৬. অসলো গার্ডারমোয়েন বিমানবন্দর, নরওয়ে
৭. মিউনিখ বিমানবন্দর, জার্মানি
৮. ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক বিমানবন্দর, কানাডা
৯. ব্রাসেলস বিমানবন্দর, বেলজিয়াম
১০. বার্লিন ব্রান্ডেনবুর্গ বিমানবন্দর, জার্মানি