শহর ভ্রমণে সবসময় ট্যাক্সি, মেট্রো কিংবা জটিল পরিবহন পরিকল্পনার প্রয়োজন হয় না। নতুন এক সূচকে বিশ্বের উদীয়মান গন্তব্যগুলোর মধ্যে সবচেয়ে হাঁটাচলাবান্ধব শহরগুলোর তালিকা প্রকাশ করেছে স্কাইস্ক্যানার। তালিকার শীর্ষ ১০টি শহরের মধ্যে সাতটিই ইউরোপের।
ভ্রমণ বুকিং প্ল্যাটফর্মটি যুক্তরাষ্ট্রের বাইরের বিভিন্ন শহরের ফ্লাইট তথ্য বিশ্লেষণ করেছে। প্রতিটি শহরের জন্য ১৪টি বিষয় বিবেচনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রধান আকর্ষণগুলোর মধ্যকার দূরত্ব, হাঁটার পথের সংখ্যা, গড় উচ্চতা, বায়ুর মান ও নিরাপত্তা। খবর: ইউরো নিউজ।
এই তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে ‘ওয়াকেবিলিটি ইনডেক্স’। এতে একটি শহরের প্রধান দর্শনীয় স্থানগুলো হেঁটে দেখতে কত সময় ও কত ধাপ লাগে, জনঘনত্ব, শহর ও আশপাশের হাঁটার পথ এবং দর্শনীয় স্থানের সংখ্যাও বিবেচনা করা হয়েছে।
সবচেয়ে হাঁটাচলাবান্ধব ১০ শহর
১. কর্দোবা, স্পেন
২. নাগাসাকি, জাপান
৩. হিরোশিমা, জাপান
৪. রেজিও কালাব্রিয়া, ইতালি
৫. মন্টে কার্লো, মোনাকো
৬. তার্তু, এস্তোনিয়া
৭. বুরসা, তুরস্ক
৮. বলজানো, ইতালি
৯. সারায়েভো, বসনিয়া ও হার্জেগোভিনা
১০. ভিক্টোরিয়া, কানাডা
স্পেনের কর্দোবা তালিকার শীর্ষে। আন্দালুসিয়ার এই ঐতিহাসিক শহর একসময় গুরুত্বপূর্ণ রোমান নগরী এবং ইসলামি বিশ্বের অন্যতম কেন্দ্র ছিল। এখানকার বিখ্যাত মসজিদ-স্থাপনা লা মেসকিতা, ওল্ড টাউন, ভিয়ানা প্রাসাদ এবং আলকাজার হেঁটেই ঘোরা যায়। প্রধান আকর্ষণগুলো ঘুরতে সময় লাগে মাত্র ২৬ মিনিট। শহর ও আশপাশে রয়েছে ২৯টি হাঁটার ট্রেইল।
ইতালির রেজিও কালাব্রিয়া তালিকার চতুর্থ স্থানে। সিসিলি থেকে মেসিনা প্রণালীর মাধ্যমে বিচ্ছিন্ন এই উপকূলীয় শহরে রয়েছে সমুদ্রসৈকত ও মাউন্ট এটনার দৃশ্য। প্রধান আকর্ষণগুলো মাত্র ২৫ মিনিটে হেঁটে দেখা সম্ভব।
মোনাকোর মন্টে কার্লো বিলাসবহুল গাড়ি ও প্রমোদতরীর জন্য পরিচিত হলেও হাঁটার জন্যও বেশ উপযোগী। শহরের আয়তন এক বর্গকিলোমিটারেরও কম। তবে এখানে বেশ খাড়া ঢাল রয়েছে।
এস্তোনিয়ার তার্তু তুলনামূলকভাবে কম পরিচিত হলেও ঐতিহাসিক স্থাপনা, কাঠের বাড়ি, পার্ক ও নদীতীরের হাঁটার পথের জন্য আকর্ষণীয়। আর ইতালির বলজানো ‘ডলোমাইটসের প্রবেশদ্বার’ হিসেবে পরিচিত। শহরটিতে ৫০৫টি হাঁটার ট্রেইল রয়েছে এবং তালিকার সবচেয়ে নিরাপদ শহর এটিই।
বসনিয়ার সারায়েভোও ছোট ও সহজে হাঁটা যায় এমন শহর। পাথুরে রাস্তা, বৈচিত্র্যময় স্থাপত্য, ক্যাফে, বাজার ও ঐতিহাসিক স্থাপনাগুলো হেঁটে দেখার সুযোগ রয়েছে।