দেশের পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরা এবং দেশি-বিদেশি ভ্রমণসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ বাড়াতে আগামী ২৯ অক্টোবর শুরু হচ্ছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বা বিটিটিএফ ২০২৬। তিন দিনব্যাপী এই আয়োজন চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, টোয়াবের আয়োজনে মেলায় দেশ-বিদেশের পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, হোটেল ও রিসোর্ট, বিমান সংস্থাসহ বিভিন্ন অংশীজন অংশ নেবেন।

মেলার প্রস্তুতি ও আয়োজনের বিস্তারিত তুলে ধরতে সোমবার, ৭ সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করেছে টোয়াব। বেলা ১১টায় অনুষ্ঠিতব্য এ আয়োজনে বিটিটিএফ ২০২৬-এর আনুষ্ঠানিক ঘোষণা, মেলার সময়সূচি, নিশ্চিত ও সম্ভাব্য অংশগ্রহণকারী, অতিথি, পৃষ্ঠপোষক এবং অংশগ্রহণের বিভিন্ন সুযোগ সম্পর্কে জানানো হবে।

অনুষ্ঠানে টোয়াবের পরিচালনা পর্ষদের সদস্য, বিটিটিএফ আয়োজক কমিটির সদস্য, পর্যটন খাতের বিভিন্ন অংশীজন, পৃষ্ঠপোষক, অংশীদার ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন টোয়াবের সভাপতি মোহাম্মদ হানিফ। টোয়াব নিজেদের জাতীয় পর্যায়ের পর্যটন বাণিজ্য সংগঠন হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক পর্যটন উন্নয়নে কাজ করছে।

আয়োজকদের মতে, বিটিটিএফ ২০২৬ বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। মেলার মাধ্যমে দেশের বিভিন্ন পর্যটন গন্তব্য, ভ্রমণসেবা ও বিনিয়োগের সুযোগ বিদেশি পর্যটক এবং আন্তর্জাতিক পর্যটন ব্যবসায়ীদের সামনে তুলে ধরা হবে।

এ ধরনের মেলা পর্যটন খাতের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর পাশাপাশি নতুন ভ্রমণপণ্য ও গন্তব্য প্রচারেও ভূমিকা রাখতে পারে। সরকারি পর্যায়েও পর্যটনকে কর্মসংস্থান, আঞ্চলিক উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিটিটিএফ ২০২৬ আয়োজনে সহযোগিতা করছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ এবং এফবিসিসিআই।