মরুভূমি, বিলাসবহুল হোটেল ও আধুনিক স্থাপত্যের গণ্ডি পেরিয়ে আবুধাবি এখন সংস্কৃতি, ইতিহাস ও পারিবারিক বিনোদনের বহুমাত্রিক পর্যটন গন্তব্য হিসেবে নিজেকে আরও শক্তিশালী করছে। সাদিয়াত কালচারাল ডিস্ট্রিক্টে নতুন জাদুঘর ও ডিজিটাল শিল্পকেন্দ্র এবং ইয়াস আইল্যান্ডে নতুন বিনোদন প্রকল্প পর্যটকদের জন্য বাড়াচ্ছে ভ্রমণের নতুন অভিজ্ঞতা।

সাদিয়াতে সংস্কৃতি ও ইতিহাসের নতুন ঠিকানা

আবুধাবির পর্যটন পরিবর্তনের অন্যতম কেন্দ্র এখন সাদিয়াত কালচারাল ডিস্ট্রিক্ট। ২০১৭ সালে লুভর আবুধাবি চালুর পর এখানে পর্যায়ক্রমে যুক্ত হয়েছে টিমল্যাব ফেনোমেনা, জায়েদ ন্যাশনাল মিউজিয়াম ও ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম আবুধাবি। একই এলাকায় ভবিষ্যতে গুগেনহাইম আবুধাবিও যুক্ত হচ্ছে।

টিমল্যাব ফেনোমেনা একটি নিমজ্জিত ডিজিটাল শিল্প জাদুঘর। আলো, পানি ও চলাচলনির্ভর এর শিল্পকর্ম দর্শনার্থীর উপস্থিতি ও গতিবিধির সঙ্গে পরিবর্তিত হয়। ২০২৫ সালে চালু হওয়া এই কেন্দ্রটি সাদিয়াতের পর্যটন আকর্ষণে নতুন মাত্রা যোগ করেছে।

জায়েদ ন্যাশনাল মিউজিয়ামে সংযুক্ত আরব আমিরাতের ইতিহাস, ঐতিহ্য ও সামাজিক পরিবর্তনের নানা দিক তুলে ধরা হয়েছে। অন্যদিকে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম পৃথিবীর প্রাকৃতিক ইতিহাস, জীববৈচিত্র্য এবং মহাবিশ্বের দীর্ঘ ইতিহাস নিয়ে দর্শনার্থীদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দেয়।

ডিসেম্বরে খুলছে গুগেনহাইম

আবুধাবির সাংস্কৃতিক পর্যটনের সবচেয়ে আলোচিত প্রকল্পগুলোর একটি গুগেনহাইম আবুধাবি। সর্বশেষ ঘোষণায় জাদুঘরটি ১১ ডিসেম্বর ২০২৬ সালে উদ্বোধনের কথা জানানো হয়েছে। এটি গুগেনহাইম নেটওয়ার্কের সবচেয়ে বড় জাদুঘর হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইয়াস আইল্যান্ডে বিনোদনের নতুন পরিকল্পনা

শুধু জাদুঘর ও সংস্কৃতি নয়, পরিবার নিয়ে ভ্রমণকারীদের জন্যও আবুধাবি বাড়াচ্ছে বিনোদনের সুযোগ। ইয়াস আইল্যান্ডে ওয়ার্নার ব্রাদার্স ওয়ার্ল্ডের সম্প্রসারণের অংশ হিসেবে হ্যারি পটারভিত্তিক নতুন এলাকা তৈরির কাজ চলছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে প্রথম ডিজনি থিম পার্ক ও রিসোর্ট নির্মাণের পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে।

সব মিলিয়ে ইতিহাস, শিল্পকলা, আধুনিক স্থাপত্য ও বৃহৎ বিনোদনকেন্দ্রের সমন্বয়ে আবুধাবি আন্তর্জাতিক পর্যটকদের জন্য আরও বৈচিত্র্যময় গন্তব্য হয়ে উঠছে।