স্কটল্যান্ডের আটলান্টিক উপকূলে ছড়িয়ে থাকা হেব্রিডিস দ্বীপপুঞ্জে একসঙ্গে মিলেছে হাজার বছরের ইতিহাস, সাদা বালুর সৈকত, ব্যতিক্রমী বিমানবন্দর ও হুইস্কিকেন্দ্রিক পর্যটন। ২০২৬ সালে নতুন দর্শনার্থী কেন্দ্র ও ডিস্টিলারি চালুর মধ্য দিয়ে অঞ্চলটি ভ্রমণপিপাসুদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠছে।

হেব্রিডিসের বাইরের দ্বীপপুঞ্জের লুইস দ্বীপে অবস্থিত ক্যালানাইস স্ট্যান্ডিং স্টোনস এই অঞ্চলের অন্যতম প্রধান ঐতিহাসিক আকর্ষণ। প্রায় পাঁচ হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা নিওলিথিক যুগের এই পাথরগুলো বিশেষ বিন্যাসে স্থাপিত। নতুন দর্শনার্থী কেন্দ্রের মাধ্যমে পর্যটকেরা স্থাপনাটির ইতিহাস, প্রত্নতাত্ত্বিক গুরুত্ব ও সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে আরও বিস্তারিত জানার সুযোগ পাবেন।

সংরক্ষণ উদ্যোগের অংশ হিসেবে এবার প্রথমবারের মতো এই ঐতিহাসিক স্থাপনায় দর্শনার্থীদের কাছ থেকে প্রবেশমূল্য নেওয়া হবে।

সৈকতেই বিমান অবতরণের অভিজ্ঞতা

দক্ষিণ হেব্রিডিসের বাররা দ্বীপে পর্যটকদের জন্য রয়েছে সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা। এখানকার ট্রাই মোর সৈকতই বাররা বিমানবন্দরের রানওয়ে হিসেবে ব্যবহৃত হয়। জোয়ারের সময় সৈকত পানির নিচে চলে যায় এবং ভাটার সময় নির্ধারিত বিমান ওঠানামা করে। বিশ্বের নিয়মিত যাত্রীবাহী বিমান চলাচলের জন্য ব্যবহৃত এমন সৈকত রানওয়ে এটি একমাত্র বলে প্রচার করা হয়।

বাররা দ্বীপ সাদা বালুর সৈকত ও মধ্যযুগীয় কিসিমুল দুর্গের জন্যও পরিচিত। দ্বীপটির পর্যটন আকর্ষণে এবার নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে বরভে গ্রামে চালু হতে যাওয়া প্রথম হুইস্কি ডিস্টিলারি।

আইলায় হুইস্কি পর্যটনের বিস্তার

দক্ষিণ হেব্রিডিসের আইলা দ্বীপ দীর্ঘদিন ধরেই ধোঁয়াটে স্বাদের সিঙ্গেল-মল্ট স্কচ হুইস্কির জন্য বিশ্বজুড়ে পরিচিত। ২০২৬ সালে দ্বীপটিতে আরও দুটি নতুন ডিস্টিলারি চালু হওয়ার কথা রয়েছে। এতে আইলায় মোট ডিস্টিলারির সংখ্যা দাঁড়াবে ১৪টিতে।

প্রথমে চালু হবে লাগান বে ডিস্টিলারি। পরে দর্শনার্থীদের জন্য খুলবে পোর্টিনট্রুয়ান ডিস্টিলারি, যা পোর্ট এলেনের বাইরে অবস্থিত।

হুইস্কিকে কেন্দ্র করে আইলায় নতুন পর্যটন অভিজ্ঞতাও গড়ে উঠছে। পোর্ট এলেনের কাছেই ফরাসি বিলাসপণ্য প্রতিষ্ঠান এলভিএমএইচের হুইস্কি-ভিত্তিক হোটেল আরডবেগ হাউস পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে।

প্রাচীন ঐতিহ্য, নাটকীয় উপকূল, অনন্য বিমানযাত্রা এবং স্থানীয় হুইস্কি সংস্কৃতির সমন্বয়ে হেব্রিডিস এখন স্কটল্যান্ড ভ্রমণের অন্যতম বৈচিত্র্যময় গন্তব্য হয়ে উঠছে।