তিন মাসের নিষেধাজ্ঞা শেষে পর্যটকদের জন্য সুন্দরবন খুলে দেওয়ার পরই দেখা দিয়েছে মোবাইল যোগাযোগের সংকট। কটকা, দুবলার চর, আলোরকোল ও অফিসকেল্লাসহ পূর্ব সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় টেলিটকের নেটওয়ার্ক বন্ধ থাকায় ভ্রমণে আসা দেশি-বিদেশি পর্যটকরা বিপাকে পড়েছেন।
বাগেরহাটের পূর্ব সুন্দরবনে টেলিটকের তিনটি মোবাইল টাওয়ারের জেনারেটর বিকল হয়ে গত তিন দিন ধরে নেটওয়ার্ক বন্ধ রয়েছে। ফলে সুন্দরবনে অবস্থানরত পর্যটকদের স্বজনদের সঙ্গে যোগাযোগ ব্যাহত হচ্ছে।
গত ১ সেপ্টেম্বর তিন মাসের নিষেধাজ্ঞা শেষে সুন্দরবন পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়। এরপর গত দুই দিনে বনে প্রবেশ করা দেশি ও বিদেশি পর্যটকরাও মোবাইল নেটওয়ার্কের সমস্যার মুখে পড়েন।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভীর ইমরান বলেন, ‘সোমবার সকালে হঠাৎ কটকায় থাকা টেলিটক টাওয়ারের দুটি জেনারেটর বিকল হয়ে যায়। এর পরপরই দুবলার চর আলোরকোল ও অফিসকেল্লায় থাকা টেলিটকের টাওয়ারও অচল হয়ে পড়ে। ফলে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় টেলিটকের মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়।’
তিনি বলেন, ‘তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পর্যটক প্রবেশ শুরু হয়েছে। এ সময় মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় পর্যটকরা স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।’
সুন্দরবনের মতো দুর্গম পর্যটন গন্তব্যে নিরবচ্ছিন্ন যোগাযোগব্যবস্থা পর্যটকদের নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ। বিশেষ করে নৌপথে ভ্রমণ, জরুরি পরিস্থিতিতে সহায়তা চাওয়া এবং পর্যটন ব্যবস্থাপনার ক্ষেত্রে মোবাইল নেটওয়ার্ক কার্যকর ভূমিকা রাখে।
বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘কিছুদিন পরপরই সুন্দরবনে টেলিটকের নেটওয়ার্কে এ ধরনের সমস্যা দেখা দেয়।’
টেলিটকের খুলনা বিভাগীয় ইনচার্জ মো. নুর আলম জানান, জরুরি ভিত্তিতে জেনারেটর মেরামতের জন্য সুন্দরবনে কর্মী পাঠানো হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে যোগাযোগব্যবস্থা স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।