একসঙ্গে নতুন গন্তব্যে ঘুরতে যাওয়া, নতুন মানুষের সঙ্গে পরিচয় এবং পরিকল্পিত ভ্রমণের সুবিধায় নারীদের মধ্যে গ্রুপ ট্যুরের জনপ্রিয়তা বাড়ছে। বাংলাদেশেও নারীভিত্তিক বিভিন্ন ভ্রমণ কমিউনিটি ও সংগঠিত ট্যুরের সুযোগ তৈরি হয়েছে। তবে প্রথমবার অচেনা মানুষের সঙ্গে ভ্রমণে যাওয়ার আগে আনন্দের পাশাপাশি নিরাপত্তা, পরিকল্পনা ও ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যকে সমান গুরুত্ব দেওয়া জরুরি।
গ্রুপের নির্ভরযোগ্যতা যাচাই করুন
ট্যুর বুকিংয়ের আগে সংশ্লিষ্ট ভ্রমণ প্রতিষ্ঠান বা গ্রুপ সম্পর্কে ভালোভাবে খোঁজ নিন। তাদের আগের ট্যুরের অভিজ্ঞতা ও অংশগ্রহণকারীদের মতামত দেখুন। আয়োজক, গ্রুপের প্রশাসক এবং ভ্রমণ গাইডের পরিচয় ও যোগাযোগের তথ্য যাচাই করা ভালো।
পরিচিত কেউ আগে ওই গ্রুপের সঙ্গে ভ্রমণ করে থাকলে তাঁর অভিজ্ঞতাও জানতে পারেন। বর্তমান সময়ে বাংলাদেশে নারী-কেন্দ্রিক বিভিন্ন ভ্রমণ প্ল্যাটফর্ম সংগঠিতভাবে দেশ ও বিদেশে ভ্রমণের আয়োজন করছে।
ভ্রমণ পরিকল্পনা ও খরচ আগে জেনে নিন
যাত্রার আগে পুরো ভ্রমণসূচি জেনে নিন। কোথায় থাকবেন, কীভাবে যাতায়াত করবেন এবং কোন কোন স্থান ঘুরে দেখবেন, এসব তথ্য পরিষ্কার থাকা প্রয়োজন।
মোট খরচের মধ্যে যাতায়াত, আবাসন, খাবার, প্রবেশমূল্য বা অন্য কোনো সেবা অন্তর্ভুক্ত আছে কি না, তা নিশ্চিত করুন। এতে আলাদা খরচের জন্য প্রয়োজনীয় বাজেট পরিকল্পনা করা সহজ হবে।
প্রয়োজনীয় কাগজপত্র ও জরুরি যোগাযোগ
জাতীয় পরিচয়পত্রের কপি সঙ্গে রাখুন। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্ট, ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র নিরাপদে সংরক্ষণ করুন। পরিচয়পত্র বা অন্যান্য গুরুত্বপূর্ণ নথির ডিজিটাল কপিও আলাদা করে রাখা যেতে পারে।
পরিবারের অন্তত দু-তিনজন সদস্যকে আপনার ভ্রমণ পরিকল্পনা জানান। হোটেলের নাম, গন্তব্য, দলের দায়িত্বশীল ব্যক্তি ও ভ্রমণ গাইডের ফোন নম্বর তাঁদের কাছে দিয়ে রাখুন।
জরুরি প্রয়োজনে বাড়তি টাকা রাখুন
ভ্রমণের নির্ধারিত খরচের বাইরে জরুরি প্রয়োজনে কিছু অতিরিক্ত টাকা সঙ্গে রাখা ভালো। সব টাকা এক জায়গায় না রেখে আলাদা ব্যাগ বা পকেটে ভাগ করে রাখুন।
সম্ভব হলে নগদ অর্থের পাশাপাশি বিকল্প লেনদেনের ব্যবস্থাও রাখুন। তবে অপরিচিত কারও কাছে ব্যক্তিগত আর্থিক তথ্য বা ব্যাংক কার্ডের গোপন তথ্য প্রকাশ করবেন না।