ব্যবস্থাপনায় বড় ধরনের পুনর্গঠনের অংশ হিসেবে বিশ্বজুড়ে প্রায় ১০ শতাংশ কর্মী কমানোর পরিকল্পনা করেছে উবার। এর ফলে প্রতিষ্ঠানটির প্রায় ৩ হাজার ৩০০ করপোরেট পদ বিলুপ্ত হবে। খবর: গার্ডিয়ান।

বুধবার কর্মীদের উদ্দেশে দেওয়া বার্তায় যুক্তরাষ্ট্রভিত্তিক রাইড-হেইলিং কোম্পানিটির প্রধান নির্বাহী দারা খোসরোশাহি বলেন, ব্যবস্থাপনার বিভিন্ন স্তর কমানো এবং কয়েকটি দলকে একীভূত করার মাধ্যমে উবারকে আরও ‘সহজ ও দ্রুতগতির’ প্রতিষ্ঠানে পরিণত করা হবে। একই সঙ্গে আরও বেশি কর্মীকে অফিসে এসে কাজ করতে বলা হবে।

সান ফ্রান্সিসকোতে সদর দপ্তর থাকা উবার বিশ্বের বিভিন্ন শহরে কার্যালয় পরিচালনা করে, যার মধ্যে লন্ডনও রয়েছে। তবে কোন শহরে কতজন কর্মী ছাঁটাই করা হবে, তা প্রতিষ্ঠানটি জানায়নি। ২০২০ সালের পর এটিই উবারের সবচেয়ে বড় কর্মী ছাঁটাই। সে বছর কোভিড-১৯ মহামারির কারণে রাইডের চাহিদা ব্যাপকভাবে কমে যাওয়ায় প্রায় ৬ হাজার ৭০০ কর্মীকে ছাঁটাই করেছিল প্রতিষ্ঠানটি।

উবার জানিয়েছে, যেসব কর্মী ছাঁটাইয়ের আওতায় পড়েছেন, তাদের ইতোমধ্যে জানানো হয়েছে। তবে কিছু দেশে স্থানীয় শ্রম আইন অনুযায়ী আলাদা প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

খোসরোশাহি বলেন, গত পাঁচ বছরে উবার দ্রুত বেড়েছে এবং ব্যবসার পারফরম্যান্সও ভালো। তবে এই প্রবৃদ্ধির ফলে প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার স্তর বেড়েছে, সমন্বয় জটিল হয়েছে এবং দায়িত্বের বিভাজনও অনেক ক্ষেত্রে খণ্ডিত হয়েছে।

পুনর্গঠনের অংশ হিসেবে অপারেশন ও প্রযুক্তি দলকে একীভূত করা হবে। পাশাপাশি ছোট ছোট ‘মাইক্রো-টিমের’ সংখ্যা প্রায় ৫০ শতাংশ কমানো হবে। প্রধান নির্বাহীর কাছ থেকে সাতটির বেশি ব্যবস্থাপনা স্তরে থাকা কর্মীর সংখ্যাও ২০ শতাংশ কমানো হয়েছে।

এদিকে উবারের অধিকাংশ কর্মীকে অফিসে ফিরতে বলা হয়েছে। ফলে ১ শতাংশেরও কম কর্মী পুরোপুরি রিমোটে কাজ করবেন। প্রতিষ্ঠানটির হাইব্রিড নীতিতে সপ্তাহে অন্তত তিন দিন অফিসে কাজের নিয়ম রয়েছে।
২০১০ সালে সান ফ্রান্সিসকো থেকে যাত্রা শুরু করা উবার দ্রুত বিশ্বজুড়ে সম্প্রসারিত হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ১৫০ বিলিয়ন ডলারের বেশি।