বাংলাদেশের জনপ্রিয় দুই পর্যটন গন্তব্য সাজেক ও কক্সবাজার ঘুরে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই তরুণ। পাঁচটি মোটরসাইকেলে ১০ বন্ধু মিলে ভ্রমণে বেরিয়েছিলেন তারা। ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার শাহারপাড়া এলাকার ফিরোজ আহমেদ তৌহিদ (২৩) ও মাহী পাটোয়ারী (২৪)।
হাইওয়ে পুলিশ দোহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন চৌধুরী জানান, দুই তরুণ মোটরসাইকেলে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। ঠাকুরদিঘী এলাকায় কক্সবাজারমুখী মাছবাহী একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক তৌহিদের মৃত্যু হয়। গুরুতর আহত মাহীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক জানান, সকাল পৌনে ৯টার দিকে মাহীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতদের বন্ধু মো. সোহান জানান, পাঁচটি মোটরসাইকেলে ১০ বন্ধু চাঁদপুর থেকে সাজেক ভ্রমণে যান। সেখান থেকে রোববার তারা কক্সবাজারে পৌঁছান। মঙ্গলবার সকালে চাঁদপুরে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন দুই বন্ধু।