ভ্রমণের গন্তব্য বা ধরন ঠিক করতে জেন জি ও মিলেনিয়াল প্রজন্মের মধ্যে স্পষ্ট পার্থক্য উঠে এসেছে নতুন এক গবেষণায়।
জেন জি তুলনামূলক সাশ্রয়ী ও সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং গন্তব্য— যেমন থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসের মতো দেশ বেছে নিচ্ছে। অন্যদিকে মিলেনিয়ালদের পছন্দের তালিকায় এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া, জাপান ও গ্রিস।
তরুণদের ভ্রমণ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘অ্যাডভেঞ্চার৩৬০’ গত এক বছরে করা ৪ হাজার ৭০০টির বেশি বুকিং বিশ্লেষণ করে এই তথ্য পেয়েছে। 
গবেষণায় দেখা গেছে, জেন জির মধ্যে থাইল্যান্ড সবচেয়ে জনপ্রিয়। তাদের পছন্দের শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, পেরু, ফিলিপাইন, নিউজিল্যান্ড ও মরক্কো।
অন্যদিকে মিলেনিয়ালদের তালিকায় প্রথমে অস্ট্রেলিয়া এবং দ্বিতীয় স্থানে থাইল্যান্ড। এরপর রয়েছে ফিলিপাইন, জাপান, ইন্দোনেশিয়া, পেরু, মরক্কো, গ্রিস, আইসল্যান্ড ও ভিয়েতনাম।
জেন জির মধ্যে থাইল্যান্ডের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। তাদের ২৯.২ শতাংশ বুকিংয়ে দেশটি ছিল। মিলেনিয়ালদের মধ্যেও থাইল্যান্ড দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয়, ১৭.৪ শতাংশ বুকিংয়ে। তবে তাদের তালিকার শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার হার ১৭.৮ শতাংশ।
কম্বোডিয়া, লাওস ও নিউজিল্যান্ড জেন জির শীর্ষ ১০-এ থাকলেও মিলেনিয়ালদের তালিকায় জায়গা পায়নি। বিপরীতে জাপান, গ্রিস ও আইসল্যান্ড মিলেনিয়ালদের তালিকায় থাকলেও জেন জির শীর্ষ ১০-এ নেই।
বিশেষজ্ঞদের মতে, জেন জির পছন্দে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবল প্রভাব রয়েছে। কম্বোডিয়ার আংকর ওয়াটকে ঘিরে মোবাইল গেম ‘টেম্পল রান’-এর মতো ভিডিও কিংবা কম্বোডিয়ার কোহ রংয়ের লং বিচ ও লাওসের কুয়াং সি জলপ্রপাত নিয়ে ভাইরাল কনটেন্ট এসব গন্তব্যের জনপ্রিয়তা বাড়িয়ে দিচ্ছে।
অন্যদিকে সাশ্রয়ী খরচ থাইল্যান্ডের জনপ্রিয়তার বড় কারণ। কম্বোডিয়া ও লাওস আগে থাইল্যান্ড বা ভিয়েতনাম ভ্রমণের সঙ্গে যুক্ত হলেও এখন পর্যটকেরা আলাদাভাবে এসব দেশ বুক করছেন। টিকটকও জেন জির ভ্রমণ অনুপ্রেরণার গুরুত্বপূর্ণ উৎস।
নিউজিল্যান্ডের জনপ্রিয়তার পেছনে রয়েছে ওয়ার্কিং হলিডে ভিসা। ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের অনেকেই এই সুবিধায় সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত দেশটিতে থাকতে পারেন। তবে অনেক মিলেনিয়াল বয়সসীমা পেরিয়ে যাওয়ায় তাদের তালিকায় নিউজিল্যান্ড নেই।
খরচের পার্থক্যও গুরুত্বপূর্ণ। জাপান, গ্রিস ও আইসল্যান্ড তুলনামূলক ব্যয়বহুল হওয়ায় এগুলো মিলেনিয়ালদের কাছে বেশি জনপ্রিয়। 
ভ্রমণ বিশেষজ্ঞ জেন ম্যাকলেলান-গ্রিন বলেন, রেইকিয়াভিকে ৫ পাউন্ডের এক কাপ কফির খরচ জেন জির কাছে কঠিন মনে হতে পারে, যেখানে একই অর্থে লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে এক রাতের থাকার ব্যবস্থা করা সম্ভব।