ঢাকার ব্যস্ত জীবনে পরিবার নিয়ে স্বল্প সময়ের ভ্রমণের জন্য নতুন আকর্ষণ হয়ে উঠছে আগারগাঁওয়ের অ্যাকুয়ারিয়াম পার্ক। বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘর প্রাঙ্গণে গড়ে ওঠা এই বিনোদনকেন্দ্রে জলজ প্রাণী, পাখি ও প্রকৃতির নানা আয়োজন একসঙ্গে উপভোগের সুযোগ রয়েছে। বিশেষ করে শিশুদের সঙ্গে শিক্ষামূলক ও আনন্দঘন সময় কাটাতে জায়গটি হতে পারে ভ্রমণপিপাসু নগরবাসীর একটি আকর্ষণীয় গন্তব্য।

পার্কটির অন্যতম প্রধান আকর্ষণ কাচের টানেল অ্যাকুয়ারিয়াম। স্বচ্ছ কাচের টানেলের ভেতর দিয়ে হাঁটার সময় দর্শনার্থীরা কাছ থেকে দেখতে পারেন বিভিন্ন মাছ ও জলজ প্রাণীর বিচরণ। পানির নিচের পরিবেশের এই অভিজ্ঞতা শিশুদের কাছে যেমন আনন্দের, তেমনি জলজ জীববৈচিত্র্য সম্পর্কে আগ্রহ তৈরিরও সুযোগ করে দেয়।

অ্যাকুয়ারিয়ামের পাশাপাশি রয়েছে পাখির জন্য বিশেষ অ্যাভিয়ারি। বিভিন্ন রঙের ও প্রজাতির পাখির বিচরণ পার্কটির বৈচিত্র্য বাড়িয়েছে। দর্শনার্থীরা জলজ পরিবেশের পাশাপাশি পাখির জগতের সঙ্গেও পরিচিত হওয়ার সুযোগ পান।

এ ছাড়া রয়েছে কই মাছের পুকুর ও জলপ্রপাত। সব মিলিয়ে নগর পরিবেশের মধ্যেই প্রকৃতির আবহে কিছুটা সময় কাটানোর সুযোগ তৈরি করেছে এই আয়োজন। ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে জলজ প্রাণী, পাখি ও প্রকৃতির সমন্বয়ে এমন বিনোদনকেন্দ্র তুলনামূলকভাবে ভিন্ন অভিজ্ঞতা দিতে পারে।

পরিবার নিয়ে দিনের অবসরে ঘুরতে যাওয়া, শিশুদের নতুন কিছু দেখানো কিংবা স্বল্প সময়ের নগরভ্রমণের জন্য অ্যাকুয়ারিয়াম পার্কটি বিবেচনায় রাখতে পারেন দর্শনার্থীরা। আগারগাঁও মেট্রোরেল স্টেশনের কাছাকাছি অবস্থান হওয়ায় গণপরিবহন ব্যবহার করেও এখানে পৌঁছানো তুলনামূলক সহজ।

অ্যাকুয়ারিয়াম পার্ক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এটি বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘরের ভেতরে অবস্থিত একটি পরিবারবান্ধব আকর্ষণ। এখানে অ্যাকুয়ারিয়াম, পাখির অ্যাভিয়ারি, জলপ্রপাতসহ বিভিন্ন অভিজ্ঞতার ব্যবস্থা রয়েছে। যাওয়ার আগে প্রবেশমূল্য ও সময়সূচি যাচাই করে নেওয়া ভালো, কারণ বিশেষ দিন বা আয়োজনভেদে এসব তথ্য পরিবর্তিত হতে পারে।