ইংল্যান্ডের ইতিহাস শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, বরং ছড়িয়ে আছে দেশজুড়ে থাকা অসংখ্য জাদুঘরে। রাজধানী লন্ডন থেকে শুরু করে ইয়র্ক, ব্রিস্টল কিংবা নরউইচের মতো শহরেও রয়েছে এমন সব জাদুঘর, যেখানে ঢুকলেই মনে হবে সময়ের ভেতর দিয়ে হাঁটছেন। শিল্প, বিজ্ঞান, যুদ্ধ, রেলগাড়ি, ডাইনোসর কিংবা ভিক্টোরিয়ান জীবনের গল্প সবই এখানে জীবন্ত হয়ে ওঠে। পর্যটকদের কাছে তাই ইংল্যান্ড মানেই শুধু প্রাসাদ আর গ্রাম নয়, বরং বৈচিত্র্যময় জাদুঘরের এক বিশাল ভাণ্ডার।
বিশ্ব ইতিহাস জানতে চাইলে প্রথমেই আসে ব্রিটিশ মিউজিয়াম লন্ডন। ১৭৫৯ সালে প্রতিষ্ঠিত এই জাদুঘরে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন রোজেটা স্টোন ও পার্থেনন ভাস্কর্যসহ প্রায় ৮০ হাজারের বেশি বস্তু। বিশাল সংগ্রহের কারণে নির্দিষ্ট গ্যালারি বেছে দেখাই এখানে সবচেয়ে ভালো কৌশল।
সমুদ্র আর নৌবাহিনীর ইতিহাস জানতে চাইলে যেতে হবে পোর্টসমাউথ হিস্টোরিক ডকইয়ার্ড। এখানে দেখা যাবে রাজা অষ্টম হেনরির যুদ্ধজাহাজ মেরি রোজ, নেলসনের HMS Victory এবং আরও কয়েকটি ঐতিহাসিক যুদ্ধজাহাজ। এক টিকিটেই একাধিক জাদুঘর ঘুরে দেখা যায়, যা ভ্রমণকারীদের জন্য বেশ সুবিধাজনক।
ডাইনোসরের কঙ্কাল দেখতে চাইলে লন্ডনের ন্যাচারাল হিস্টোরি মিউজিয়াম অনন্য। এখানে রয়েছে স্টেগোসরাসের সম্পূর্ণ কঙ্কাল, ডিপ্লোডোকাসের বিশাল প্রতিরূপ এবং চার্লস ডারউইনের সংগ্রহ। প্রবেশমূল্য ফ্রি হওয়ায় এটি পর্যটকদের অন্যতম জনপ্রিয় গন্তব্য।
শিল্পবিপ্লবের সময়কার জীবন জানতে চাইলে দারুণ অভিজ্ঞতা দেয় ব্ল্যাক কান্ট্রি লিভিং মিউজিয়াম ডাডলি। খোলা আকাশের নিচে সাজানো এই জাদুঘরে ভিক্টোরিয়ান যুগের রাস্তা, দোকান, স্কুল এমনকি পাবও দেখা যায়। এখানকার পরিবেশ এতটাই বাস্তব যে জনপ্রিয় সিরিজ পিকি ব্লাইন্ডার্সের শুটিংও হয়েছে এখানে।
রেলপ্রেমীদের জন্য স্বপ্নের জায়গা ন্যাশনাল রেলওয়ে মিউজিয়াম ইয়র্ক। ১০০টির বেশি লোকোমোটিভের সংগ্রহে রয়েছে স্টিফেনসনের রকেট ও জাপানের বুলেট ট্রেন। প্রবেশমূল্য ফ্রি, তবে ভার্চুয়াল রিয়ালিটি অভিজ্ঞতার জন্য আলাদা টিকিট লাগে।
শিশুদের জন্য সবচেয়ে আকর্ষণীয় জাদুঘরগুলোর একটি উই দ্য কিউরিয়াস ব্রিস্টল। এখানে বিজ্ঞানভিত্তিক ইন্টারেকটিভ প্রদর্শনী, রোবটের সঙ্গে কথা বলা, নিজের হাতে পরীক্ষা করার সুযোগ রয়েছে। বাড়তি টিকিটে থ্রি ডি প্ল্যানেটারিয়ামও দেখা যায়।
সবচেয়ে অদ্ভুত জাদুঘরের তালিকায় আছে কফিন ওয়ার্কস বার্মিংহাম। একসময় কফিন তৈরির কারখানা ছিল এটি, এখন সংরক্ষিত শিল্পঐতিহ্য। ভিক্টোরিয়ান যুগের সরঞ্জাম আর কাজের জায়গা আজও প্রায় অপরিবর্তিত।
শিল্পপ্রেমীদের জন্য নরউইচের সেইন্সবুরি সেন্টার ফর ভিজ্যুয়াল আর্টস এক অনন্য সংগ্রহশালা। এখানে ডেভিড হকনি ও ফ্রান্সিস বেকনের চিত্রকর্ম থেকে শুরু করে হেনরি মুরের ভাস্কর্য পর্যন্ত পাঁচ হাজারের বেশি শিল্পকর্ম রয়েছে। চাইলে দর্শনার্থীরা নিজের সামর্থ্য অনুযায়ী টিকিটের মূল্য দিতে পারেন।