ভ্রমণ মানেই শুধু জায়গা বদল নয়, কখনো কখনো তা হয়ে ওঠে আত্মঅনুসন্ধানের এক রোমাঞ্চকর পথচলা। ২০২৫ সালে মুক্তি পাওয়া বেশ কিছু ট্রাভেল ঘরানার চলচ্চিত্র সেই অনুভূতিটাকেই নতুনভাবে তুলে ধরেছে পর্দায়। প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি, সম্পর্ক আর নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার গল্পে ভর করে এসব ছবি দর্শক ও সমালোচক দুই পক্ষেরই মন জয় করেছে। ভ্রমণপ্রেমীদের জন্য এমনই পাঁচটি জনপ্রিয় ট্রাভেল ফিল্ম তুলে ধরা হলো।

দ্য ম্যাপ দ্যাট লিডস টু ইউ

মায়ের মৃত্যুর পর একা ইউরোপ ভ্রমণে বেরিয়ে পড়ে এক তরুণী। সেই যাত্রাপথে তার সঙ্গে জড়িয়ে পড়ে এক রহস্যময় যুবক। গল্প এগোয় স্মৃতি, সম্পর্ক আর নতুন জীবনের সন্ধানে। যুক্তরাজ্যে ছবিটি টেরিফিক ট্রাভেল রোমান্স হিসেবে পরিচিতি পায়। ইউরোপের ছোট ছোট রেলস্টেশন, পাহাড়ি গ্রাম আর ক্যাফে সংস্কৃতি ছবির প্রধান আকর্ষণ।

আন আমেরিকান অ্যাব্রোড

এক জনপ্রিয় ট্রাভেল শোর উপস্থাপক হঠাৎ নিজের জীবন নিয়ে প্রশ্নের মুখে পড়ে। কাজে বেরিয়ে পড়ে ইউরোপ ভ্রমণে। ক্রোয়েশিয়া, ইতালি ও গ্রিসের দ্বীপে শুটিং হওয়া এই রোমান্টিক কমেডিতে রয়েছে ব্যস্ত শহর, নীল সমুদ্র আর সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য। হাস্যরসের মধ্য দিয়ে ছবিটি দেখায় ভ্রমণ কীভাবে জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেয়।

লাভঁতুরা

কান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত এই ছবিতে দেখা যায় সার্ডিনিয়া দ্বীপে এক পরিবারের রোডট্রিপ। পারিবারিক সম্পর্কের টানাপোড়েনের সঙ্গে মিশে আছে দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য। ফিরোজা জলরাশি, পাথুরে সৈকত আর সাদা ঘরবাড়ির দৃশ্য ছবিটিকে ভিজ্যুয়ালি অসাধারণ করে তুলেছে।

অন দ্য রোড

থ্রিলার ঘরানার এই রোডট্রিপ সিনেমার পটভূমি ভারতের লাদাখ। দুর্গম পাহাড়ি পথে গাড়ি নিয়ে যাত্রার সময় একাধিক বিপদের মুখে পড়ে কয়েকজন তরুণ। পুরো সিনেমার শুটিং লাদাখে হওয়ায় বাস্তব সৌন্দর্য ফুটে উঠেছে নিখুঁতভাবে। বরফঢাকা পাহাড় আর নীল আকাশ ছবির সবচেয়ে বড় শক্তি।

দ্য মিসিং ট্যুরিস্ট

ইউটিউবে মুক্তি পাওয়া এই অ্যাডভেঞ্চারধর্মী ছবিতে এক ব্রিটিশ পর্যটকের নিখোঁজ হওয়ার ঘটনা ঘিরে গল্প এগোয়। কোহিমা থেকে মন জেলার প্রত্যন্ত গ্রাম পর্যন্ত বিস্তৃত এই যাত্রায় উঠে এসেছে পাহাড়ি জীবন, যুদ্ধের স্মৃতি আর ঝরনার পথ। সীমিত বাজেট হলেও গল্প ও লোকেশন ছবিটিকে আলাদা পরিচিতি দিয়েছে।