ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সারাদেশের সব দোকান, শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকছে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের কোথাও কোনো ধরনের খুচরা ব্যবসা বা শপিংমল খোলা রাখা যাবে না। একই নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতিও।

গত বৃহস্পতিবার সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনের পরিবেশ বজায় রাখা এবং ভোটকেন্দ্রগুলোতে জনসমাগম সহজ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন বন্ধ থাকবে দোকান ও শপিংমল

সমিতির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী নির্বাচনের আগের দিন এবং ভোটের দিন সব ধরনের বাণিজ্যিক লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর থাকবে।