হজ শুধু ইবাদতের সফর নয়, এটি ইসলামের ইতিহাসকে কাছ থেকে দেখারও এক অনন্য সুযোগ। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো মুসল্লি হজ পালন শেষে মক্কা ও মদিনার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানগুলো জিয়ারত করেন। এসব স্থানের সঙ্গে জড়িয়ে আছে মহানবী হজরত মুহাম্মদ (সা.), সাহাবায়ে কেরাম ও ইসলামের শুরুর যুগের অসংখ্য স্মৃতি।
হজযাত্রীদের কাছে সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্র হয়ে ওঠে মক্কা ও মদিনার ঐতিহাসিক মসজিদ, পাহাড়, কবরস্থান ও যুদ্ধস্মৃতি বহনকারী স্থানগুলো। এসব জায়গা ইসলামের ইতিহাস, হিজরত, ওহি নাজিল এবং গুরুত্বপূর্ণ যুদ্ধের সাক্ষী হয়ে আছে আজও।
মদিনার ঐতিহাসিক স্থান
মসজিদে কোবা
ইসলামের ইতিহাসে এটি প্রথম নির্মিত মসজিদ। হাদিসে এসেছে, এখানে দুই রাকাত নামাজ আদায় করলে একটি ওমরাহর সওয়াব পাওয়া যায়। মদিনা সফরে অধিকাংশ হজযাত্রী এখানেই প্রথম জিয়ারত করেন।
মসজিদে কিবলাতাইন
এই মসজিদ ‘দুই কিবলার মসজিদ’ নামে পরিচিত। এখানেই নামাজরত অবস্থায় মুসলমানদের কিবলা বায়তুল মুকাদ্দাস থেকে কাবার দিকে পরিবর্তনের নির্দেশ আসে।
উহুদ পাহাড় ও শহীদদের কবরস্থান
ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ ওহুদের স্মৃতিবিজড়িত এলাকা এটি। এখানে মহানবীর চাচা হজরত হামজা (রা.)-সহ প্রায় ৭০ জন সাহাবির কবর রয়েছে।
মসজিদে গামামাহ
মসজিদে নববির দক্ষিণ-পশ্চিম পাশে অবস্থিত এই মসজিদে মহানবী (সা.) বৃষ্টির জন্য দোয়া করেছিলেন। এখানে তিনি ঈদের নামাজও আদায় করেন বলে বর্ণনা রয়েছে।
খন্দক বা সাত মসজিদ এলাকা
আহজাব বা খন্দকের যুদ্ধের স্মৃতিবাহী এই এলাকায় ছোট ছোট কয়েকটি ঐতিহাসিক মসজিদ রয়েছে। মুসল্লিরা একে ‘সাত মসজিদ’ নামেও চেনেন।
জান্নাতুল বাকি
মসজিদে নববির পাশের এই কবরস্থান মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমাধিক্ষেত্র। এখানে নবী পরিবারের সদস্য ও বহু সাহাবির কবর রয়েছে।
মসজিদে জুমা
হিজরতের সময় কুবা থেকে মদিনায় যাওয়ার পথে মহানবী (সা.) এখানে প্রথম জুমার নামাজ আদায় করেছিলেন বলে ইতিহাসে উল্লেখ আছে।
বাদশাহ ফাহাদ কোরআন কমপ্লেক্স
বিশ্বের বৃহত্তম কোরআন মুদ্রণ কেন্দ্র হিসেবে পরিচিত এই কমপ্লেক্স থেকে বিভিন্ন ভাষায় কোরআন প্রকাশ করা হয়। অনেক হজযাত্রী এখান থেকে উপহার হিসেবে কোরআন পান।
মক্কার ঐতিহাসিক স্থান
জাবালে নুর ও হেরা গুহা
এই পাহাড়ের হেরা গুহায় মহানবী (সা.)-এর কাছে প্রথম ওহি নাজিল হয়। সুরা আলাকের প্রথম আয়াত এখানেই অবতীর্ণ হয়েছিল।
জাবালে সওর
হিজরতের সময় মহানবী (সা.) ও হজরত আবু বকর (রা.) এই পাহাড়ের গুহায় তিন দিন আত্মগোপন করেছিলেন। ইসলামের ইতিহাসে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান।
জান্নাতুল মুয়াল্লা
মক্কার প্রাচীন কবরস্থান হিসেবে পরিচিত এই স্থানে উম্মুল মুমিনিন হজরত খাদিজা (রা.)-সহ বহু সাহাবির সমাধি রয়েছে।
মসজিদে জিন
ইতিহাস অনুযায়ী, এখানে জিনদের একটি দল মহানবীর কাছ থেকে কোরআন তিলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করেছিল।
মসজিদে হুদায়বিয়া
ঐতিহাসিক হুদায়বিয়ার সন্ধি এই এলাকায় সম্পন্ন হয়েছিল। মক্কা নগরী থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থান ইসলামের কূটনৈতিক ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে।
জাবালে রহমত
আরাফাতের ময়দানে অবস্থিত এই পাহাড়কে হজের অন্যতম গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন হিসেবে ধরা হয়। বিদায় হজের ভাষণ এখানে দেওয়া হয়েছিল বলে প্রচলিত রয়েছে।
মসজিদে নামিরা
আরাফাতের বিশাল এই মসজিদ থেকে প্রতি বছর হজের খুতবা প্রদান করা হয়। হজের সময় লাখো মুসল্লির সমাগম ঘটে এখানে।
মিনা ও মুজদালিফা
হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতার অংশ হিসেবে হাজিরা মিনায় অবস্থান করেন এবং মুজদালিফায় রাতযাপন করে শয়তানকে পাথর নিক্ষেপের জন্য কঙ্কর সংগ্রহ করেন।
হজযাত্রীদের জন্য কেন গুরুত্বপূর্ণ
মক্কা ও মদিনার এসব স্থান শুধু ঐতিহাসিক নিদর্শন নয়, মুসলমানদের ধর্মীয় আবেগ ও বিশ্বাসের সঙ্গেও গভীরভাবে জড়িত। হজ ও ওমরাহ পালন করতে যাওয়া মুসল্লিরা ইবাদতের পাশাপাশি ইসলামের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর বাস্তব স্মৃতিচিহ্ন দেখার সুযোগ পান এসব জিয়ারতের মাধ্যমে।