দক্ষিণ-পূর্ব এশিয়া ও ওশেনিয়া অঞ্চলে বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থার নতুন কেন্দ্র হয়ে উঠছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর। চীনের শীর্ষ লজিস্টিক প্রতিষ্ঠান এসএফ গ্রুপ সেখানে তাদের প্রথম বিদেশি কার্গো হাব স্থাপনের ঘোষণা দেওয়ায় আঞ্চলিক বাণিজ্য, দ্রুত পণ্য পরিবহন এবং ভ্রমণ খাতে নতুন সম্ভাবনার আভাস মিলছে। বিশ্লেষকদের মতে, এর ইতিবাচক প্রভাব পড়তে পারে বাংলাদেশের আমদানি-রপ্তানি ও বিমান যোগাযোগ ব্যবস্থাতেও।
সিঙ্গাপুরের বিশ্বখ্যাত চাঙ্গি বিমানবন্দরকে কেন্দ্র করে এই উদ্যোগ বাস্তবায়নে সমঝোতা স্মারক সই করেছে এসএফ গ্রুপ এবং চাঙ্গি এয়ারপোর্ট গ্রুপ (সিএজি)। এর মাধ্যমে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও ওশেনিয়া অঞ্চলে পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে সিঙ্গাপুর।
বিশ্বের অন্যতম ব্যস্ত ও আধুনিক বিমানবন্দর হিসেবে চাঙ্গির কৌশলগত অবস্থান দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন এই কার্গো হাব চালু হলে আঞ্চলিক সরবরাহ ব্যবস্থার গতি আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশের জন্য যেসব সুযোগ তৈরি হতে পারে
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের আমদানিকারক ও রপ্তানিকারকদের জন্য এটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করতে পারে।
সিঙ্গাপুর থেকে ঢাকার ফ্লাইট সময় প্রায় চার ঘণ্টা হওয়ায় জরুরি ইলেকট্রনিক যন্ত্রাংশ, পচনশীল খাদ্যপণ্য এবং উচ্চ প্রযুক্তিনির্ভর পণ্য দ্রুত বাংলাদেশে আনা সহজ হবে। এতে সরবরাহ সময় কমবে এবং ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল হতে পারে।
এ ছাড়া বাংলাদেশি রপ্তানিকারকরা সিঙ্গাপুরকে ট্রানশিপমেন্ট কেন্দ্র হিসেবে ব্যবহার করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাজারে তুলনামূলক কম খরচে এবং দ্রুত সময়ে পণ্য পাঠানোর সুযোগ পাবেন।
এসএফ গ্রুপের নিজস্ব ৯০টির বেশি কার্গো বিমান রয়েছে। পাশাপাশি চাঙ্গির উন্নত অবকাঠামো ব্যবহারের সুযোগ থাকায় পণ্য হ্যান্ডলিং ব্যয় ও সময় উভয়ই কমে আসার সম্ভাবনা রয়েছে।
ভ্রমণ খাতেও ইতিবাচক প্রভাবের সম্ভাবনা
যদিও উদ্যোগটি মূলত বাণিজ্য ও কার্গো পরিবহনকেন্দ্রিক, তবু এর পরোক্ষ প্রভাব পড়তে পারে ভ্রমণ শিল্পেও।
বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক কার্গো হাবের সক্ষমতা বাড়লে সাধারণত সেই রুটে যাত্রীবাহী বিমানের সংখ্যাও বৃদ্ধি পায়। ফলে ট্রানজিট সুবিধা উন্নত হয় এবং যাত্রীদের লাগেজ ও মালামাল পরিবহন ব্যবস্থা আরও সহজ ও কার্যকর হয়ে ওঠে।
আঞ্চলিক বিমান যোগাযোগ জোরদার হলে ভবিষ্যতে বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের পর্যটকদের জন্য ভ্রমণ সুবিধা আরও বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।
এসএফ গ্রুপের বৈশ্বিক পরিকল্পনা
এসএফ গ্রুপের চেয়ারম্যান ডিক ওয়াং বলেন, চাঙ্গি এয়ারপোর্ট গ্রুপের সঙ্গে এই অংশীদারিত্ব তিনটি প্রধান অঞ্চলে প্রতিষ্ঠানের সম্পদ ও সক্ষমতার কার্যকর ব্যবহার নিশ্চিত করবে।
তিনি বলেন, বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে উন্নত সেবা দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
চাঙ্গি এয়ারপোর্ট গ্রুপের প্রধান নির্বাহী ইয়াম কুম ওয়েং জানান, চাঙ্গি বিমানবন্দরে এসএফ গ্রুপের বিমান সংযোগ ও লজিস্টিক সক্ষমতা বাড়াতে তারা পূর্ণ সহযোগিতা দেবে।
বিশ্লেষকদের মতে, ডিএইচএল ও ফেডএক্সের মতো আন্তর্জাতিক লজিস্টিক প্রতিষ্ঠানের জন্য এশিয়া অঞ্চলে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে এসএফ গ্রুপ। ২০২৬ সালের শেষ নাগাদ আন্তর্জাতিক বাজার থেকে মোট আয়ের ৩০ শতাংশ অর্জনের যে লক্ষ্য প্রতিষ্ঠানটি নির্ধারণ করেছে, সিঙ্গাপুরের এই নতুন হাব সেই পরিকল্পনার অন্যতম প্রধান ভিত্তি হবে।
উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশের জন্যও এটি গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ নতুন এই আঞ্চলিক সংযোগের মাধ্যমে বৈশ্বিক বাণিজ্যের মূলধারার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে।