ভ্রমণের প্রস্তুতিতে পোশাক, সানস্ক্রিন কিংবা ক্যামেরার দিকে নজর থাকলেও কিছু জরুরি ছোট জিনিস অনেক সময় তালিকার বাইরে থেকে যায়। অথচ অভিজ্ঞ ভ্রমণকারীদের মতে, বিদেশ সফরে কয়েকটি সাধারণ উপকরণই অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে বড় ভূমিকা রাখে। বিশেষ করে চার্জিং সমস্যা, নথিপত্র সুরক্ষা কিংবা হঠাৎ অসুস্থতার মতো পরিস্থিতিতে আগে থেকেই প্রস্তুত থাকলে ভ্রমণ হয়ে ওঠে অনেক বেশি স্বস্তিদায়ক ও নিরাপদ।

১. ইউনিভার্সাল পাওয়ার অ্যাডাপ্টার

এক দেশের বৈদ্যুতিক সকেট অন্য দেশের সঙ্গে মিলবে, এমন নিশ্চয়তা নেই। কোথাও গোল পিন, কোথাও চ্যাপ্টা কিংবা তিন-পিন সকেট ব্যবহার করা হয়। ফলে বিদেশে গিয়ে ফোন, ল্যাপটপ বা পাওয়ার ব্যাংক চার্জ দিতে সমস্যায় পড়তে পারেন।

এই ঝামেলা এড়াতে সঙ্গে রাখা উচিত একটি ভালো মানের ইউনিভার্সাল পাওয়ার অ্যাডাপ্টার। এটি বিশ্বের বিভিন্ন ধরনের সকেটের সঙ্গে মানিয়ে কাজ করতে পারে। বিশেষজ্ঞরা নিরাপত্তার স্বার্থে নামী ব্র্যান্ডের অ্যাডাপ্টার ব্যবহারের পরামর্শ দেন, কারণ নিম্নমানের অ্যাডাপ্টার থেকে শর্ট সার্কিট বা ডিভাইস ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে।

২. পানিরোধী জিপ-লক ব্যাগ

ভ্রমণের সময় পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক কার্ড কিংবা মোবাইল ফোনের মতো গুরুত্বপূর্ণ জিনিস সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। বৃষ্টি, সমুদ্রের পানি বা ধুলাবালু থেকে এসব জিনিস রক্ষা করতে পানিরোধী জিপ-লক ব্যাগ কার্যকর সমাধান হতে পারে।

এ ছাড়া ভেজা কাপড় আলাদা রাখা, প্রসাধনী বহন বা ছোট ইলেকট্রনিক ডিভাইস গুছিয়ে রাখতেও এটি বেশ উপকারী। অনেকে লাগেজে জায়গা বাঁচাতে জিপ-ব্যাগের সঙ্গে ভ্যাকুয়াম সিলারও ব্যবহার করেন।

৩. ব্যক্তিগত প্রাথমিক চিকিৎসা কিট

অপরিচিত দেশে হঠাৎ প্রয়োজনীয় ওষুধ খুঁজে পাওয়া সহজ নাও হতে পারে। তাই ছোট একটি ব্যক্তিগত প্রাথমিক চিকিৎসা কিট সঙ্গে রাখা বুদ্ধিমানের কাজ।

এই কিটে সাধারণ জ্বরের ওষুধ, ব্যথানাশক মলম, ব্যান্ডেজ, হ্যান্ড স্যানিটাইজার এবং প্রয়োজনীয় ব্যক্তিগত ওষুধ রাখা যেতে পারে। দীর্ঘক্ষণ হাঁটার ফলে পায়ে ফোস্কা পড়লে আঠালো ব্যান্ডেজ তাৎক্ষণিক স্বস্তি দিতে পারে। বিশেষ করে পাহাড়ি এলাকা বা দীর্ঘ ভ্রমণে এমন প্রস্তুতি বাড়তি নিরাপত্তা নিশ্চিত করে।

ভ্রমণের আগে যা খেয়াল রাখবেন

ভ্রমণ বিশেষজ্ঞদের পরামর্শ, যাত্রার অন্তত একদিন আগে প্রয়োজনীয় জিনিসের একটি চেকলিস্ট তৈরি করা ভালো। এতে জরুরি সামগ্রী বাদ পড়ার সম্ভাবনা কমে যায়। পাশাপাশি পাসপোর্ট, ভিসা ও গুরুত্বপূর্ণ নথির ডিজিটাল কপি মোবাইল ও ক্লাউডে সংরক্ষণ রাখাও নিরাপদ অভ্যাস হিসেবে বিবেচিত হয়।