ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলের নরম্যান্ডি মানেই শুধু মন্ট সাঁ মিশেলের বিখ্যাত অ্যাবি নয়। দীর্ঘ সমুদ্রসৈকত, মধ্যযুগীয় শহর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস, গ্রামীণ সৌন্দর্য আর বিখ্যাত চিজের জন্যও অঞ্চলটি পর্যটকদের কাছে সমান আকর্ষণীয়। প্যারিস থেকে সহজ যোগাযোগের কারণে ইউরোপ ভ্রমণকারীদের কাছে নরম্যান্ডি এখন অন্যতম জনপ্রিয় গন্তব্য।

নরম্যান্ডিকে সাধারণত দুটি ভাগে দেখা হয়। আপার নরম্যান্ডি, যা প্যারিসের কাছাকাছি এবং সমুদ্রতীরবর্তী অবকাশযাপনের জন্য পরিচিত। আর লোয়ার নরম্যান্ডি, যেখানে তুলনামূলক কম ভিড়ের মধ্যে মিলবে প্রকৃতি, ইতিহাস ও স্থানীয় সংস্কৃতির স্বাদ।

নরম্যান্ডি ভ্রমণে যেসব অভিজ্ঞতা সবচেয়ে বেশি আলোচিত, সেগুলোর মধ্যে পাঁচটি তুলে ধরা হলো।

রুয়াঁ শহরে একদিন

নরম্যান্ডির রাজধানী রুয়াঁ ইতিহাসপ্রেমীদের জন্য আদর্শ গন্তব্য। রোমান আমল থেকে টিকে থাকা এই শহরে এখনও দেখা যায় অসংখ্য মধ্যযুগীয় স্থাপনা।

শহরের অন্যতম আকর্ষণ ১৪শ শতকের জ্যোতির্বৈজ্ঞানিক ঘড়ি ‘গ্রো অরলোজ’। ঘণ্টাধ্বনির সঙ্গে এর জটিল কারুকাজ পর্যটকদের মুগ্ধ করে। গাইডেড ট্যুরের মাধ্যমে ঘড়িটির ইতিহাস ও নির্মাণশৈলী সম্পর্কে জানা যায়।

শিল্পপ্রেমীদের জন্য রয়েছে মিউজে দে বো-আর্টস। এখানে ইমপ্রেশনিস্ট চিত্রকর্ম থেকে শুরু করে ধর্মীয় শিল্পকলার বিস্তৃত সংগ্রহ রয়েছে। স্থায়ী প্রদর্শনীতে প্রবেশ ফ্রি।

এ ছাড়া শহরের দেয়ালজুড়ে ছড়িয়ে থাকা স্ট্রিট আর্টও রুয়াঁকে আলাদা পরিচিতি দিয়েছে।

ভ্রমণ টিপস হিসেবে বলা যায়, প্যারিস থেকে সরাসরি ট্রেনে রুয়াঁ, কাঁ, শেরবুর বা লে আভরে পৌঁছানো সহজ। তবে মন্ট সাঁ মিশেল বা ডি-ডে সৈকতের মতো জায়গায় যেতে অতিরিক্ত বাস বা স্থানীয় পরিবহনের প্রয়োজন হয়।

গুভিল-সুর-মেরের রঙিন সৈকত কেবিন

নরম্যান্ডির সবচেয়ে ফটোজেনিক জায়গাগুলোর একটি গুভিল-সুর-মের। সমুদ্রসৈকতের পাশে সারিবদ্ধ প্রায় ৭০টি সাদা কাঠের কেবিন এই এলাকার প্রধান আকর্ষণ।

লাল, হলুদ ও নীল ছাদের কেবিনগুলো দূর থেকে পোস্টকার্ডের দৃশ্যের মতো মনে হয়। শান্ত পরিবেশে হাঁটাহাঁটি কিংবা সমুদ্রের হাওয়া উপভোগের জন্য জায়গাটি আদর্শ।

সৈকতের কাছেই রয়েছে স্থানীয় জনপ্রিয় রেস্তোরাঁ এল’আজাক। সাশ্রয়ী মূল্যে এখানে পাওয়া যায় সহজ কিন্তু সুস্বাদু খাবার।

এলাকাটির কাছেই কুতঁস শহর। সেখানে অবস্থিত ক্রেপারি লে রাতেলিয়ে নরম্যান্ডির অন্যতম পরিচিত ক্রেপ রেস্তোরাঁ। প্রায় দুই দশকের পুরোনো এই রেস্তোরাঁয় আগে থেকে বুকিং না দিলে টেবিল পাওয়া কঠিন হয়ে পড়ে।

মন্ট সাঁ মিশেলের অপার্থিব সৌন্দর্য

নরম্যান্ডির নাম এলেই প্রথম যে স্থানের কথা আসে, সেটি মন্ট সাঁ মিশেল। জোয়ারের সময় দ্বীপের ওপর দাঁড়িয়ে থাকা ১৩শ শতকের গথিক অ্যাবিটি দূর থেকে ভাসমান প্রাসাদের মতো মনে হয়।

বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল হওয়ায় এখানে প্রায়ই ভিড় থাকে। তাই খুব সকালে বা সন্ধ্যার দিকে গেলে তুলনামূলক স্বস্তিতে ঘোরা যায়।

অ্যাবির সরু গলি, পাথরের সিঁড়ি আর ছোট ছোট পথ ধরে হাঁটলে মধ্যযুগীয় আবহ স্পষ্টভাবে অনুভব করা যায়।

পর্যটকদের অনেকেই আশপাশের উপসাগরে খালি পায়ে হাঁটার অভিজ্ঞতা নিতে পছন্দ করেন। তবে দ্রুত জোয়ার আর বালুচরের ঝুঁকির কারণে স্থানীয় গাইড ছাড়া সেখানে যাওয়া নিরাপদ নয়।

স্থানীয় খাবারের মধ্যে ‘ওমলেট দ্য লা মের পুলার’ বেশ বিখ্যাত হলেও অনেকের মতে এটি দামের তুলনায় তেমন সার্থক নয়। এর বদলে কাছাকাছি অবস্থিত অবের্জ সোভাজ রেস্তোরাঁয় স্থানীয় ফল ও সবজি দিয়ে তৈরি আধুনিক ফরাসি খাবার বেশ জনপ্রিয়।

কাঁ দুর্গ ও যুদ্ধ স্মৃতি জাদুঘর

নরম্যান্ডির ক্যালভাদোস অঞ্চলের রাজধানী কাঁ শহরের ইতিহাসও বহু পুরোনো। শহরের ভগ্যু এলাকায় এখনও মধ্যযুগীয় পাথরের বাড়ি দেখা যায়।

কাঁ দুর্গ শহরের অন্যতম প্রধান আকর্ষণ। ভাইকিং ইতিহাস নিয়ে আগ্রহীদের জন্য এখানে বিশেষ গাইডেড ট্যুরও রয়েছে। ট্যুরে দুর্গের পাশাপাশি টাউন হল, পুরুষদের মঠ এবং নারীদের মঠ ঘুরে দেখানো হয়।

বৃষ্টির দিনে ঘুরে দেখার জন্য সবচেয়ে জনপ্রিয় জায়গা কাঁ মেমোরিয়াল মিউজিয়াম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসভিত্তিক এই জাদুঘরটি একটি পুরোনো জার্মান বাঙ্কারের ওপর নির্মিত।

সৈনিকদের জুতা, ইউনিফর্ম, যুদ্ধকালীন সংবাদপত্র ও প্রচারণামূলক পোস্টারসহ অসংখ্য নিদর্শন এখানে সংরক্ষিত রয়েছে। এমনকি প্যারাশুট কাপড় দিয়ে তৈরি একটি বিয়ের পোশাকও প্রদর্শিত হয়।

তবে সকালবেলায় ট্যুর গ্রুপের ভিড় বেশি থাকে। তাই দুপুরের পর গেলে তুলনামূলক স্বস্তিতে ঘোরা যায়।

দোভিলে প্যারিসিয়ান অবকাশের স্বাদ

প্যারিস থেকে মাত্র দুই ঘণ্টার ট্রেনযাত্রায় পৌঁছে যাওয়া যায় দোভিলে। সমুদ্রতীরবর্তী এই শহরটি দীর্ঘদিন ধরে ফরাসি ধনীদের অবকাশযাপনের অন্যতম কেন্দ্র।

সাদা বালুর সৈকত, রঙিন ছাতা আর আর্ট ডেকো ধাঁচের সৈকত কেবিন দোভিলেকে আলাদা সৌন্দর্য দিয়েছে।

সমুদ্রপাড়ের ‘লে প্লঁশ’ এলাকায় ১৯২০-এর দশকের কাঠের কেবিনগুলোর গায়ে খোদাই করা রয়েছে হলিউড তারকাদের নাম। প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় আমেরিকান চলচ্চিত্র উৎসব।

দোভিল থেকে পাশের ত্রুভিল শহরে হাঁটাপথে যাওয়া যায়। জোয়ারের সময় ছোট নৌকায় পারাপারের সুযোগও রয়েছে। আর ভাটার সময় দুই শহরকে যুক্ত করা ফুটব্রিজ ব্যবহার করা যায়।