ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী মরক্কো সফরের সময় নির্বাচন করলে পুরো অভিজ্ঞতাই বদলে যেতে পারে। পাহাড়ে ট্রেকিং, মরুভূমি ভ্রমণ, সমুদ্রে সার্ফিং, ঘুড়ি সার্ফিং কিংবা সাংস্কৃতিক উৎসব, প্রতিটি অভিজ্ঞতার জন্য বছরের আলাদা সময় সবচেয়ে উপযোগী। তাই টিকিট বুকিংয়ের আগে দেশটির মৌসুমি আবহাওয়া ও পর্যটন মৌসুম সম্পর্কে ধারণা থাকা গুরুত্বপূর্ণ।
উত্তর আফ্রিকার জনপ্রিয় পর্যটন গন্তব্য মরক্কো বছরের প্রায় সব সময়ই ভ্রমণযোগ্য। তবে আবহাওয়া, দর্শনার্থীর ভিড় এবং বিভিন্ন উৎসবের সময় বিবেচনায় ভ্রমণের অভিজ্ঞতা ভিন্ন হতে পারে। তাই কোন অঞ্চলে কী উদ্দেশ্যে ভ্রমণ করবেন, তার ওপর নির্ভর করে সময় নির্বাচন করাই সবচেয়ে ভালো।
ট্রেকিং ও মারাকেশ ভ্রমণের সেরা সময়
মার্চ থেকে মে এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত সময় মারাকেশ, হাই অ্যাটলাস পর্বতমালা ও সাহারা মরুভূমি ঘুরে দেখার জন্য সবচেয়ে আরামদায়ক। এ সময় আবহাওয়া তুলনামূলক মৃদু থাকায় দীর্ঘ সময় বাইরে ঘোরাফেরা ও ট্রেকিং সহজ হয়।
হাই অ্যাটলাস অঞ্চলে এপ্রিল থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর ট্রেকিংয়ের জন্য বিশেষভাবে উপযোগী। বসন্তকালে বিভিন্ন পাহাড়ি এলাকায় বুনো ফুল ও প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তোলে।
সেপ্টেম্বর মাসে গরমও তুলনামূলক কম থাকে এবং গ্রীষ্মের ছুটি শেষ হওয়ায় জনপ্রিয় পর্যটন এলাকায় ভিড়ও কিছুটা কমে আসে। এ সময় এসাউইরা, রাবাত, কাসাব্লাঙ্কা, তেতুয়ান ও তানজিয়ারের মতো উপকূলীয় শহর ভ্রমণের জন্যও অনুকূল পরিবেশ থাকে।
শীতে সার্ফিং, স্কি ও উৎসব
ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মরক্কোর উত্তরাঞ্চলে শীত অনুভূত হলেও এ সময় শহরভিত্তিক ভ্রমণ, সার্ফিং এবং তুষারাচ্ছন্ন পাহাড়ে স্কির সুযোগ তৈরি হয়।
আটলান্টিক উপকূলের টাগাজাউট, মিরলেফট ও সিদি ইফনির মতো এলাকায় শীতকালে বড় ঢেউ তৈরি হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে সার্ফাররা এখানে আসেন। অন্যদিকে হাই অ্যাটলাসের ওকাইমেদেন ও ইফরানে স্কি উপভোগ করা যায়।
বছরের শেষ ভাগে বড়দিন ও নববর্ষ উপলক্ষে পর্যটকের সংখ্যা বেড়ে যায়। ফলে এই সময়ে হোটেল ও অন্যান্য ভ্রমণ ব্যয়ও তুলনামূলক বেশি হতে পারে।
গ্রীষ্মে উৎসব ও জলক্রীড়ার মৌসুম
জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মরক্কোর অভ্যন্তরীণ অঞ্চলে তাপমাত্রা অনেক বেড়ে যায়। তবে আটলান্টিক উপকূলে সমুদ্রের বাতাসের কারণে আবহাওয়া তুলনামূলক সহনীয় থাকে।
গ্রীষ্মকাল দেশটির বিভিন্ন আন্তর্জাতিক সংগীত ও সাংস্কৃতিক উৎসবের মৌসুম। ফেজ, এসাউইরা, রাবাত, আসিলাহ ও কাসাব্লাঙ্কায় এ সময় নানা আয়োজন অনুষ্ঠিত হয়, যা দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করে।
ডাখলা ও এসাউইরা ঘুড়ি সার্ফিং এবং উইন্ডসার্ফিংয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত। বিশেষ করে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত নিয়মিত বাতাসের কারণে এসব জলক্রীড়ার জন্য অনুকূল পরিবেশ থাকে।
রমজানে ভ্রমণের আগে যা জানা জরুরি
রমজান মাসে মরক্কোর পরিবেশ তুলনামূলক শান্ত ও ধর্মীয় আবহে ভরপুর থাকে। দিনের বেলায় অনেক খাবারের দোকান সীমিত সময় খোলা থাকলেও হোটেল ও পর্যটন এলাকায় সাধারণত খাবারের ব্যবস্থা পাওয়া যায়। তাই এই সময় ভ্রমণের পরিকল্পনা করলে আগেভাগে সেবা ও সময়সূচি সম্পর্কে জেনে নেওয়া ভালো।
গুরুত্বপূর্ণ তথ্য
ট্রেকিং ও শহর ভ্রমণ: মার্চ থেকে মে এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর
সার্ফিং: ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি
স্কি: শীতকাল
ঘুড়ি সার্ফিং: এপ্রিল থেকে সেপ্টেম্বর
সাংস্কৃতিক উৎসব: জুন থেকে সেপ্টেম্বর
কম ভিড়ে ভ্রমণ: সেপ্টেম্বর