মিসরে পর্যটন মৌসুম মূলত আবহাওয়ার ওপর নির্ভরশীল। জুলাই ও আগস্টের তীব্র গরমে ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে শীতকালে দেশজুড়ে পর্যটকের ভিড় বেড়ে যায়। তাই তুলনামূলক স্বস্তিদায়ক আবহাওয়া ও কম ভিড়ের জন্য বসন্ত ও শরৎকালকে অনেক ভ্রমণকারী আদর্শ সময় হিসেবে বিবেচনা করেন।

মার্চ, এপ্রিল, মে ও সেপ্টেম্বর: কম ভিড়ের আদর্শ সময়

মার্চ, এপ্রিল, মে এবং সেপ্টেম্বরকে মিসর ভ্রমণের অন্যতম সেরা সময় ধরা হয়। এ সময়ে জনপ্রিয় প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোতে তুলনামূলক কম ভিড় থাকে এবং অনেক হোটেল ও আবাসনে ছাড়ও পাওয়া যায়।

লুক্সর ও আসওয়ানে নীল নদের তীরের কোমল আলো আলোকচিত্র ধারণের জন্য উপযোগী। পশ্চিম মরুভূমির মরূদ্যানগুলোতে এ সময় খেজুর সংগ্রহ মৌসুমও চলে।

তবে মার্চ থেকে খামসিন নামে পরিচিত ধুলিঝড়প্রবণ বাতাস শুরু হয়। এতে সড়ক ও বিমান চলাচল ব্যাহত হতে পারে এবং দর্শনীয় স্থান ঘোরাও কঠিন হয়ে পড়ে। তাই ভ্রমণ পরিকল্পনায় অতিরিক্ত এক থেকে দুই দিন হাতে রাখা ভালো।

এপ্রিলে আবহাওয়া বেশ মনোরম থাকলে আসওয়ান থেকে ঐতিহ্যবাহী পালতোলা নৌকায় রাতযাপন কিংবা হোয়াইট ডেজার্টে ক্যাম্পিংয়ের অভিজ্ঞতা উপভোগ করা যায়। মে মাসে শার্ম আল শেখ, হুরগাদা, এল গৌনা ও মার্সা আলামের সমুদ্রবিলাসী গন্তব্যগুলোতে আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজও পাওয়া যায়।

জুন থেকে আগস্ট: স্কুবা ডাইভিংয়ের সেরা মৌসুম

গ্রীষ্মে মিসরের অনেক এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। তাই লুক্সরের মন্দির ও সমাধিক্ষেত্র ভোরে ঘুরে দেখা সবচেয়ে আরামদায়ক।

তবে লোহিত সাগর উপকূলে এই সময়ই স্কুবা ডাইভিংয়ের জন্য সবচেয়ে অনুকূল পরিবেশ তৈরি হয়। সমুদ্র শান্ত থাকে, পানির তাপমাত্রা আরামদায়ক থাকে এবং পানির নিচে দৃশ্যমানতা চমৎকার হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে ডুবুরিরা এখানে আসেন।

অক্টোবর থেকে ফেব্রুয়ারি: ইতিহাস ও প্রকৃতি অন্বেষণের সেরা সময়

অক্টোবর থেকে ফেব্রুয়ারি মিসরের সবচেয়ে ব্যস্ত পর্যটন মৌসুম। এ সময়ে গিজার পিরামিড, লুক্সরের কার্নাক মন্দির, নীল নদ ভ্রমণ এবং সিনাই উপদ্বীপে ট্রেকিংসহ বিভিন্ন বহিরাঙ্গণ কার্যক্রমের জন্য আবহাওয়া সবচেয়ে অনুকূল থাকে।

দক্ষিণ সিনাই ও লোহিত সাগর উপকূলেও এ সময় ডাইভিং শেখা ও সমুদ্রভ্রমণ জনপ্রিয়। তবে ডিসেম্বরের দিকে নৌভিত্তিক ডাইভিংয়ে সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে।

কায়রো ও আলেকজান্দ্রিয়ায় নভেম্বরে আবহাওয়া আরামদায়ক হলেও সন্ধ্যার পর তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। তাই গরম কাপড় সঙ্গে রাখা প্রয়োজন। একই সঙ্গে বড়দিন ও নববর্ষের সময় হোটেল ভাড়া তুলনামূলক বেশি থাকে।

রমজানে ভ্রমণের আগে যা জানা জরুরি

রমজান মাসে মিসরের অনেক দোকান, রেস্তোরাঁ এবং বিভিন্ন সেবা প্রতিষ্ঠান সীমিত সময় খোলা থাকে। পর্যটনকেন্দ্রগুলোও সংক্ষিপ্ত সময় পরিচালিত হতে পারে।

অমুসলিম পর্যটকদের রোজা রাখতে হয় না। তবে জনসমক্ষে খাবার বা পানীয় গ্রহণের ক্ষেত্রে সংযম ও স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করা উচিত।

গুরুত্বপূর্ণ তথ্য

ভ্রমণের সেরা সময়: মার্চ, এপ্রিল, অক্টোবর থেকে ফেব্রুয়ারি

স্কুবা ডাইভিংয়ের সেরা সময়: জুন থেকে আগস্ট

কম ভিড়ের মৌসুম: মার্চ, এপ্রিল, মে ও সেপ্টেম্বর

সতর্কতা: মার্চ ও এপ্রিলে খামসিন ধুলিঝড় ভ্রমণ পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে।