বিশ্বজুড়ে ‘ডার্ক ট্যুরিজম’ বা ইতিহাসের ভয়াবহ ও বেদনাদায়ক স্থান ঘিরে পর্যটনের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। কম্বোডিয়ার কিলিং ফিল্ডস থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের গ্রাউন্ড জিরো—মানুষ ইতিহাসের অন্ধকার অধ্যায়গুলো কাছ থেকে দেখতে আগ্রহী। তবে এই প্রবণতার মধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে আরেকটি বিষয়—নাৎসি জার্মানির নেতা অ্যাডলফ হিটলার-কে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশেষ ধরনের পর্যটন সংস্কৃতি।

বিশ্লেষকদের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা জানার আগ্রহ স্বাভাবিক হলেও, হিটলারের ব্যক্তিগত জীবন ও তার ব্যবহৃত স্থানগুলোকে ঘিরে বাড়তি আকর্ষণ নতুন প্রশ্ন তৈরি করছে। ইউরোপজুড়ে এমন অনেক স্থান রয়েছে, যেগুলো সরাসরি হিটলারের সঙ্গে সম্পর্কিত এবং এখনো সেগুলোতে পর্যটকদের ভিড় দেখা যায়।

ধ্বংস করা হয়েছে বাঙ্কার, তবুও থামেনি আগ্রহ
১৯৪৫ সালের এপ্রিল মাসে সোভিয়েত বাহিনী বার্লিনের দিকে অগ্রসর হলে আত্মসমর্পণের বদলে আত্মহত্যার পথ বেছে নেন হিটলার। বার্লিনের যে ভূগর্ভস্থ বাঙ্কারে তিনি শেষ সময় কাটিয়েছিলেন, সেটির নাম ছিল ফুয়েরারবাঙ্কার। পরবর্তীতে জার্মান কর্তৃপক্ষ সেটি গুঁড়িয়ে দিয়ে সেখানে গাড়ি পার্কিং এলাকা তৈরি করে, যাতে এটি কোনোভাবেই নাৎসি সমর্থকদের তীর্থস্থানে পরিণত না হয়।

তবুও এখনো অনেক মানুষ সেখানে যান এবং ছোট্ট তথ্যফলকটি পড়ে দেখেন। তবে কাছেই থাকা টপোগ্রাফি অফ টেরর জাদুঘর নাৎসি শাসনের নৃশংসতার ইতিহাস আরও গভীরভাবে তুলে ধরে।

‘ঈগলস নেস্ট’: পর্যটনকেন্দ্রে পরিণত নাৎসি স্থাপনা
হিটলার-সংশ্লিষ্ট সবচেয়ে পরিচিত পর্যটনকেন্দ্রগুলোর একটি হলো কেলস্টাইনহাউস, যা ‘ঈগলস নেস্ট’ নামেও পরিচিত। বাভারিয়ার পাহাড়চূড়ায় অবস্থিত এই স্থাপনাটি ১৯৩৮ সালে নির্মিত হয়। যদিও উচ্চতাভীতির কারণে হিটলার সেখানে খুব কমবার গিয়েছিলেন, তবুও এটি নাৎসি পার্টির সামাজিক অনুষ্ঠান আয়োজনের গুরুত্বপূর্ণ স্থান ছিল।
বর্তমানে ঈগলস নেস্ট একটি জনপ্রিয় রেস্তোরাঁ ও পর্যটন গন্তব্যে পরিণত হয়েছে। মনোরম আল্পস পর্বতমালার দৃশ্য দেখতে সেখানে প্রতিদিন বহু পর্যটক ভিড় করেন। তবে সমালোচকদের প্রশ্ন—এ ধরনের স্থান কি ইতিহাসের শিক্ষা দিচ্ছে, নাকি অজান্তেই নাৎসি অতীতকে রোমান্টিসাইজ করছে?

ঈগলস নেস্টের নিচেই রয়েছে ওবারজালৎসবার্গ এলাকা, যেখানে ছিল হিটলারের অবকাশযাপন কেন্দ্র বার্ঘফ। ১৯৩৫ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত এটি ছিল তার প্রিয় ছুটির বাড়ি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে ব্রিটিশ বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর ১৯৫২ সালে ভবনটি ভেঙে ফেলা হয়। এখন সেখানে একটি ডকুমেন্টেশন সেন্টার গড়ে তোলা হয়েছে, যা নাৎসি ইতিহাস সম্পর্কে শিক্ষামূলক তথ্য তুলে ধরে।

অস্ট্রিয়ায় জন্মস্থান ঘিরেও বিতর্ক
হিটলারের জন্মস্থান ব্রাউনাউ আম ইন শহরেও পর্যটকদের আগ্রহ কম নয়। বহু বছর ধরে ভবনটি লাইব্রেরি ও সেবাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হলেও, এখন সেটিকে পুলিশ স্টেশনে রূপান্তরের পরিকল্পনা চলছে। এর উদ্দেশ্য হলো ভবনটির প্রতীকী গুরুত্ব কমিয়ে আনা।

তবে জার্মানি ও অস্ট্রিয়ার বিভিন্ন নাৎসি-সংশ্লিষ্ট স্থানে দর্শনার্থীর সংখ্যা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন গবেষকরা। উদাহরণ হিসেবে, ওবারজালৎসবার্গের ডকুমেন্টেশন সেন্টারে প্রতিবছর ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ যান।

ইতিহাস জানার আগ্রহ নাকি বিপজ্জনক মোহ?

বিশ্লেষকদের মতে, এসব স্থানে যাওয়া সবাই যে নাৎসি মতাদর্শে বিশ্বাসী—তা নয়। অধিকাংশ মানুষই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস এবং সেই সময়ের ঘটনাগুলো কাছ থেকে জানতে আগ্রহী। তবে ইউরোপে যখন আবারও ইহুদিবিদ্বেষ ও উগ্র ডানপন্থার উত্থান দেখা যাচ্ছে, তখন এসব স্থান কীভাবে উপস্থাপন করা হবে, সেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

ইতিহাসবিদদের ভাষ্য, এসব স্থানকে এমনভাবে সংরক্ষণ করতে হবে যাতে সেগুলো অতীতের ভয়াবহতার সতর্কবার্তা হয়ে থাকে, কোনোভাবেই হিটলার বা নাৎসিবাদের মহিমা প্রচারের মাধ্যম না হয়। কারণ ইতিহাসের অন্ধকার অধ্যায়কে ব্যবসায়িক পণ্যে পরিণত করলে সেটি সেই ট্র্যাজেডির গুরুত্বকেই খাটো করতে পারে।
তাদের মতে, জার্মানি শুধু নাৎসি ইতিহাসের দেশ নয়; বরং এটি সংস্কৃতি, শিল্প, প্রকৃতি ও প্রাণবন্ত নগরজীবনের জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। তাই ইতিহাস জানতে গিয়ে যেন কেউ স্বৈরশাসকের ব্যক্তিপূজার ফাঁদে না পড়েন—সেই সতর্কতাও দিচ্ছেন তারা।