প্রথমবার জাপানে গেলে দেশটির বিশালতা ও বৈচিত্র্য অনেককে বিভ্রান্ত করে। হাজারো দ্বীপ, ব্যস্ত মহানগর, পাহাড় আর জাতীয় উদ্যান মিলিয়ে ভ্রমণ পরিকল্পনা জটিল মনে হতে পারে। তবে বাস্তবে জাপানের পরিবহন ব্যবস্থা এতটাই উন্নত ও নির্ভরযোগ্য যে সঠিক পরিকল্পনা থাকলে দেশজুড়ে চলাচল হয়ে ওঠে সহজ, স্বস্তিদায়ক ও কার্যকর।

ট্রেনই ভ্রমণের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম

জাপানে আন্তঃনগর ভ্রমণের ক্ষেত্রে ট্রেন সবচেয়ে নির্ভরযোগ্য ও কার্যকর। বিশেষ করে শিনকানসেন বা বুলেট ট্রেন ঘণ্টায় প্রায় ৩২০ কিলোমিটার গতিতে বড় শহরগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে। সময়নিষ্ঠতা ও পরিষেবার মানের কারণে এটি পর্যটকদের প্রথম পছন্দ।

টিকিট কেনা সহজ। বড় স্টেশনে টাচস্ক্রিন মেশিন বা টিকিট কাউন্টার থেকে কেনা যায়। সংরক্ষিত আসনের জন্য আগাম বুকিং করা যায়। একাধিক শহর ঘোরার পরিকল্পনা থাকলে জাপান রেল পাস খরচ কমাতে সহায়ক।

বাজেট ভ্রমণে বাস কার্যকর বিকল্প

খরচ বাঁচাতে দূরপাল্লার বাস ভালো বিকল্প। ট্রেনের তুলনায় ধীর হলেও ভাড়া অনেক কম। রাতের বাসে ভ্রমণ করলে থাকার খরচও বাঁচানো যায়। অধিকাংশ বাসে আরামদায়ক আসন ও প্রয়োজনীয় সুবিধা থাকে।

শহরের বাইরে গাড়ি ভাড়া সুবিধাজনক

গ্রামাঞ্চল বা দুর্গম এলাকায় যেতে গাড়ি ভাড়া নেওয়া সবচেয়ে সুবিধাজনক। বিশেষ করে একাধিক ব্যক্তি একসঙ্গে ভ্রমণ করলে এটি সাশ্রয়ীও হতে পারে। জাপানের সড়ক ব্যবস্থা উন্নত হলেও পাহাড়ি পথে সতর্কতা জরুরি।

গাড়ি চালাতে আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট প্রয়োজন। অধিকাংশ ভাড়া সংস্থা ইংরেজি নেভিগেশন সুবিধা দেয়।

অভ্যন্তরীণ ফ্লাইট দ্রুত বিকল্প

দীর্ঘ দূরত্বে দ্রুত যাতায়াতের জন্য অভ্যন্তরীণ ফ্লাইট কার্যকর। অনেক ক্ষেত্রে এটি ট্রেনের চেয়েও সাশ্রয়ী হতে পারে, বিশেষ করে আগাম টিকিট কিনলে। দেশজুড়ে বিমানবন্দর থাকায় সংযোগ সহজ।

বাইক ও বিকল্প পরিবহন

কিছু শহরে বাইক শেয়ারিং সুবিধা রয়েছে। এছাড়া ছোট শহর বা পর্যটন এলাকায় সাইকেল ভাড়া পাওয়া যায়। এটি স্বল্প দূরত্বে ঘোরার জন্য ভালো উপায়।

ফেরি ভ্রমণ সময়সাপেক্ষ হলেও অভিজ্ঞতা হিসেবে অনন্য। অনেক ফেরিতে খাবার, বিশ্রাম ও বিনোদনের ব্যবস্থা থাকে।

অ্যাক্সেসিবিলিটিতেও অগ্রগতি

জাপানে প্রবেশগম্যতা ধীরে ধীরে উন্নত হচ্ছে। বড় শহরের স্টেশন ও স্থাপনায় হুইলচেয়ার সুবিধা রয়েছে। তবে গ্রামীণ এলাকায় কিছু সীমাবদ্ধতা থাকতে পারে।