ভ্রমণে শিশু থাকলে বিমানবন্দর অভিজ্ঞতাই অনেক সময় হয়ে ওঠে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দীর্ঘ ট্রানজিট, ভিড় আর অপেক্ষার ক্লান্তি সহজেই চাপ বাড়ায়। তবে সেই বাস্তবতা বদলে দিচ্ছে বিশ্বের কিছু আধুনিক বিমানবন্দর। স্কাইট্র্যাক্সের ২০২৬ সালের জরিপে পরিবারবান্ধব সুবিধার দিক থেকে আবারও শীর্ষে উঠে এসেছে দক্ষিণ কোরিয়ার সিউল ইনচন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যা এখন পরিবারকেন্দ্রিক ভ্রমণের নতুন মানদণ্ড স্থাপন করছে।

টানা কয়েক বছর ধরে এই তালিকায় আধিপত্য ধরে রাখা ইনচন বিমানবন্দর শিশু ও অভিভাবক উভয়ের কথা মাথায় রেখে নানা সুবিধা গড়ে তুলেছে। এখানে রয়েছে পোরোরো ও পিঙ্কফং-এর মতো জনপ্রিয় কার্টুনভিত্তিক প্লে-জোন, যেখানে শিশুরা নিরাপদে সময় কাটাতে পারে। পাশাপাশি আছে আইস স্কেটিং রিঙ্ক, বিনামূল্যে সাংস্কৃতিক পরিবেশনা এবং ঐতিহ্যবাহী হস্তশিল্প কর্মশালা। ফলে দীর্ঘ অপেক্ষাও হয়ে ওঠে উপভোগ্য।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর দক্ষিণ-পূর্ব এশিয়ার একমাত্র প্রতিনিধি। চারতলা উঁচু স্লাইড, ইনডোর গার্ডেন, বাটারফ্লাই পার্ক এবং ছাদের ওপর সুইমিংপুলের মতো ব্যতিক্রমী আকর্ষণ এখানে যাত্রীদের অভিজ্ঞতাকে আলাদা মাত্রা দেয়।

তৃতীয় স্থানে রয়েছে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দর। আধুনিক অবকাঠামো, দ্রুত সেবা এবং পরিবারবান্ধব নানা সুবিধার কারণে এটি যাত্রীদের কাছ থেকে উচ্চ মূল্যায়ন পেয়েছে।

মূলত নিরাপত্তা ব্যবস্থা, দ্রুত ইমিগ্রেশন প্রক্রিয়া, শিশুদের জন্য মানসম্মত খেলার জায়গা এবং চাইল্ড কেয়ার রুমের সহজলভ্যতা বিবেচনায় নিয়ে এই তালিকা তৈরি করা হয়েছে। এসব সুবিধা ভ্রমণকে শুধু সহজই করে না, বরং শিশুদের জন্য আনন্দদায়ক এবং অভিভাবকদের জন্য চাপমুক্ত করে তোলে।

বিশেষ করে দীর্ঘ ট্রানজিটে নার্সারি রুম, ন্যাপ লাউঞ্জ এবং শিশুদের জন্য নির্ধারিত বিনোদনমূলক আয়োজন এখন যাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এতে ভ্রমণের ক্লান্তি অনেকটাই কমে আসে।

তালিকার শীর্ষ দশে আরও রয়েছে বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর, আমস্টারডাম শিফোল, প্যারিস চার্লস দ্য গল, টোকিও নারিতা, রোম ফিউমিচিনো এবং তাইওয়ান তাওয়ুয়ান বিমানবন্দর। এসব বিমানবন্দর এখন শুধু যাতায়াতের কেন্দ্র নয়, বরং পরিবারকেন্দ্রিক সেবার ক্ষেত্রেও নতুন দৃষ্টান্ত স্থাপন করছে।