কক্সবাজারের মনোরম মেরিন ড্রাইভজুড়ে এখন ঝুলছে কাঁঠালের থোকা। গ্রীষ্মের শুরুর এই সময়েই সবুজ, কাঁচা কাঁঠালে ভরে উঠেছে রাস্তার দুই পাশের গাছগুলো, যা পথচারী ও পর্যটকদের দৃষ্টি কাড়ছে।
প্রখর তাপদাহের মধ্যেও সবুজ গাছপালা আর কাঁঠালের সমারোহে এলাকায় তৈরি হয়েছে ভিন্ন এক প্রশান্ত পরিবেশ। অনেকেই মেরিন ড্রাইভে চলাচলের সময় গাড়ি থামিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে প্রকৃতির এই দৃশ্য উপভোগ করছেন।
মাঠ পর্যায়ের পর্যবেক্ষণে দেখা গেছে, মেরিন ড্রাইভের বিভিন্ন অংশজুড়ে সারি সারি কাঁঠালগাছে ধরেছে বড় আকারের ফল। কিছু কাঁঠাল ইতোমধ্যে বেশ বড় হয়ে উঠলেও সেগুলো পাকতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা আরিফ বলেন, গ্রীষ্ম এলেই এই এলাকায় ফলধারী গাছের উপস্থিতি বাড়ে। এখানকার কাঁঠাল স্বাদে মিষ্টি ও সুস্বাদু হিসেবে পরিচিত। তবে এখনো সেগুলো সংগ্রহের উপযোগী হয়নি।
কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল এবং গ্রীষ্মকালীন অন্যতম প্রধান ফল। সাধারণত বৈশাখ থেকে আষাঢ়ের মধ্যে কাঁঠাল পাকে। পুষ্টিগুণে ভরপুর এই ফল স্থানীয়দের খাদ্যতালিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এলাকাবাসীর ভাষ্য, গরম যতই বাড়ুক, এই সময়টাতেই প্রকৃতি তার ভাণ্ডার উন্মুক্ত করে। কাঁঠাল পাকা শুরু হলে তা শুধু স্থানীয়দের জন্য নয়, পর্যটকদের কাছেও আকর্ষণের নতুন মাত্রা যোগ করবে।