ঢাকায় আবারও জমে উঠতে যাচ্ছে পর্যটন খাতের অন্যতম বড় আয়োজন। দেশি-বিদেশি পর্যটন প্রতিষ্ঠান, এয়ারলাইনস ও ভ্রমণসেবাদাতাদের অংশগ্রহণে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা, যেখানে দর্শনার্থীরা পাবেন নানা অফার ও ভ্রমণসংক্রান্ত তথ্য।
আগামী ৯ এপ্রিল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকার বলরুমে শুরু হচ্ছে ‘এয়ার অ্যাস্ট্রা ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬’। এটি দেশের জনপ্রিয় ভ্রমণ ও পর্যটনবিষয়ক প্রকাশনা দি বাংলাদেশ মনিটর আয়োজিত ২১তম আসর। মেলার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে বেসরকারি এয়ারলাইন এয়ার অ্যাস্ট্রা।
মেলার পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম প্রতিষ্ঠান স্যাবর এবং অনলাইন ট্রাভেল এজেন্সি বাইটিকিটস।
উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য এম নাছের রহমান।
এবারের মেলায় বাংলাদেশসহ নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তুরস্ক, ভিয়েতনাম ও চীনের ৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ১০টি প্যাভিলিয়ন এবং ৮০টির বেশি বুথে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা তুলে ধরবে।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইনস, ট্রাভেল এজেন্সি, হোটেল ও রিসোর্ট, ট্যুর অপারেটর, আর্থিক প্রতিষ্ঠান এবং মেডিকেল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান। ফলে এক ছাদের নিচে পর্যটন খাতের নানা সেবা সম্পর্কে ধারণা পাওয়ার সুযোগ তৈরি হবে।
মেলায় দর্শনার্থীরা দেশি ও আন্তর্জাতিক গন্তব্যের বিমান টিকিট, ট্যুর প্যাকেজ, হোটেল ও রিসোর্ট বুকিং এবং মেডিকেল ট্যুরিজম প্যাকেজে বিশেষ ছাড় পাবেন। আয়োজকদের মতে, এই মেলা ভ্রমণপ্রেমীদের জন্য নতুন গন্তব্য সম্পর্কে জানার পাশাপাশি সাশ্রয়ী মূল্যে ভ্রমণ পরিকল্পনার সুযোগ করে দেবে।
৯ থেকে ১১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।
দর্শনার্থীদের জন্য রয়েছে আকর্ষণীয় র্যাফেল ড্র। এতে পুরস্কার হিসেবে থাকছে দেশি ও আন্তর্জাতিক গন্তব্যে রিটার্ন এয়ার টিকিট, বিভিন্ন দেশের হোটেল ও রিসোর্টে বিনামূল্যে আবাসন এবং দেশের শীর্ষস্থানীয় হোটেলগুলোর লাঞ্চ ও ডিনার ভাউচার।