পরিবারের সঙ্গে ভ্রমণ শুধু অবকাশ কাটানো নয়, বরং সম্পর্ক আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তবে পরিকল্পনায় ভুল হলে এই আনন্দই পরিণত হতে পারে ক্লান্তিকর অভিজ্ঞতায়। তাই ২০২৬ সালে পারিবারিক ছুটির জন্য গন্তব্য বাছাইয়ে সচেতনতা জরুরি হয়ে উঠেছে। সাম্প্রতিক এক আন্তর্জাতিক ভ্রমণ বিশ্লেষণে বিশ্বজুড়ে পরিবারবান্ধব ১৪টি গন্তব্য চিহ্নিত করা হয়েছে, যেখানে শিশু থেকে বড় সবাই উপভোগ করতে পারবেন সমানভাবে।
বিশেষজ্ঞরা বলছেন, পরিবারের সদস্যদের বয়স, আগ্রহ ও বাজেট বিবেচনায় গন্তব্য নির্ধারণ করাই সফল ভ্রমণের মূল চাবিকাঠি। ছোট শিশুদের জন্য নিরাপদ ও সহজ গন্তব্য যেমন জরুরি, তেমনি কিশোরদের জন্য প্রয়োজন অ্যাডভেঞ্চার বা বিনোদনের সুযোগ।
অ্যাক্টিভ ও অ্যাডভেঞ্চারপ্রিয় পরিবারের জন্য ইউরোপের অস্ট্রিয়া ও ফ্রান্স অন্যতম সেরা পছন্দ। অস্ট্রিয়ার আল্পস পর্বত, স্কি রিসোর্ট ও ঐতিহাসিক শহর পরিবারকে দেয় ভিন্ন অভিজ্ঞতা। ফ্রান্সের উপকূলীয় অঞ্চলগুলোতে রয়েছে সমুদ্র, থিম পার্ক ও তুলনামূলক সাশ্রয়ী ভ্রমণের সুযোগ।
সমুদ্রভিত্তিক ছুটির জন্য মালদ্বীপ ও সেন্ট লুসিয়া জনপ্রিয়। মালদ্বীপে বিলাসবহুল রিসোর্টের পাশাপাশি এখন পরিবারবান্ধব নানা সুবিধা যোগ হয়েছে। অন্যদিকে সেন্ট লুসিয়ায় একসঙ্গে পাওয়া যায় শান্ত সৈকত ও অ্যাডভেঞ্চার কার্যক্রম।
বন্যপ্রাণীপ্রেমীদের জন্য বতসোয়ানা ও বোর্নিও বিশেষ আকর্ষণ তৈরি করেছে। বোর্নিওর জঙ্গল, অরাংওটান এবং বতসোয়ানার ওকাভাঙ্গো ডেল্টার সাফারি ভ্রমণ শিশুদের জন্য যেমন শিক্ষামূলক, তেমনি রোমাঞ্চকর।
খাবার ও সংস্কৃতির অভিজ্ঞতার জন্য ইতালি ও জাপান আদর্শ গন্তব্য। ইতালির ঐতিহাসিক শহর, পাস্তা ও পিজ্জা যেমন পরিবারের সবাইকে আকৃষ্ট করে, তেমনি জাপানের আধুনিক শহর, থিম পার্ক ও সংস্কৃতি শিশুদের কাছে দারুণ আকর্ষণীয়।
নিরিবিলি ও আরামদায়ক ছুটির জন্য গ্রিস ও ক্রোয়েশিয়া ভালো বিকল্প। গ্রিসের পেলোপনেস অঞ্চলে ভিলা ভাড়া নিয়ে পরিবারসহ নির্জনে সময় কাটানো যায়। আর ক্রোয়েশিয়ার উপকূলীয় শহরগুলোতে রয়েছে স্বচ্ছ সমুদ্র, ঐতিহাসিক পরিবেশ ও শান্ত জীবনযাপন।
এছাড়া অল-ইনক্লুসিভ সুবিধার জন্য গ্রান ক্যানারিয়া ও তুরস্ক পরিবার ভ্রমণে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে শিশুদের জন্য নানা বিনোদন ও কার্যক্রম থাকায় এসব গন্তব্য এখন অনেক পরিবারের প্রথম পছন্দ।