দেশজুড়ে ট্রাভেল এজেন্সি খাতে শৃঙ্খলা আনতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। নিবন্ধন সনদ গ্রহণ বা সময়মতো নবায়ন ছাড়া কোনো ট্রাভেল এজেন্সি পরিচালনা করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্টভাবে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

সম্প্রতি জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইন ২০১৩, সংশোধনী আইন ২০২১ এবং বিধিমালা ২০২২ অনুযায়ী নিবন্ধন সনদ ছাড়া কিংবা মেয়াদোত্তীর্ণ সনদ নবায়ন না করে ট্রাভেল এজেন্সি পরিচালনা করা সম্পূর্ণ অবৈধ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনেক ট্রাভেল এজেন্সি নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সনদ নবায়ন না করায় সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব হারাচ্ছে। এ অবস্থায় খাতটিকে সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক করতে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মেয়াদোত্তীর্ণ সনদধারী ট্রাভেল এজেন্সিগুলোকে জরুরি ভিত্তিতে নিবন্ধন সনদ নবায়নের জন্য আবেদন করতে বলা হয়েছে। এজন্য মন্ত্রণালয়ের অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করতে হবে।

এতে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, যারা এখনও নিবন্ধন সনদ গ্রহণ করেনি বা নবায়ন করেনি, তাদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্যথায় অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিশেষজ্ঞদের মতে, এ উদ্যোগ বাস্তবায়ন হলে ট্রাভেল এজেন্সি খাতে স্বচ্ছতা ও আস্থা বাড়বে। একই সঙ্গে গ্রাহকরাও প্রতারণার ঝুঁকি থেকে সুরক্ষা পাবে। দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে পরিচালিত কিছু প্রতিষ্ঠানের কারণে খাতটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলে মনে করা হচ্ছে।