বাংলাদেশ ও নেপালের মধ্যে পর্যটন ও আঞ্চলিক যোগাযোগ জোরদারে নতুন সম্ভাবনার ইঙ্গিত মিলেছে। দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রস্তাব তুলে ধরে নেপাল, যা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলকেন্দ্রিক পর্যটন ও বাণিজ্যে বড় পরিবর্তন আসতে পারে।
রোববার সকাল ১১টায় সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।
বৈঠকে বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় বিমান যোগাযোগ সম্প্রসারণ ও যাত্রীসেবার মান উন্নয়ন।
আলোচনায় নেপালের রাষ্ট্রদূত সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার প্রস্তাব তুলে ধরেন। তার মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ, নেপালসহ পার্শ্ববর্তী অঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগ সহজ হবে। এতে পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি বাণিজ্যিক কার্যক্রমেও গতি আসবে।
বিশেষ করে উত্তরবঙ্গের পর্যটন সম্ভাবনা, যেমন পাহাড়ি এলাকা ও প্রাকৃতিক দর্শনীয় স্থানগুলো আন্তর্জাতিক পর্যটকদের কাছে আরও সহজলভ্য হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বৈঠকে ঢাকা-কাঠমান্ডু রুটে বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে আনা এবং সেবার মান উন্নয়নের বিষয়েও আলোচনা হয়। দুই দেশই পর্যটন খাতকে এগিয়ে নিতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
সাক্ষাৎ শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী নেপালের প্রস্তাবগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন। পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করা হয়।