চৈত্রের শেষভাগে তাপমাত্রা এখনো সহনীয় মনে হলেও সামনে অপেক্ষা করছে তীব্র গরমের দিন। এমন সময়ে ভ্রমণের পরিকল্পনা করলে প্রস্তুতিটাও হতে হবে একটু বাড়তি। বিশেষ করে এপ্রিলজুড়ে পাহাড় বা সমুদ্রগামী পর্যটকদের জন্য কিছু প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখা শুধু স্বস্তিই নয়, নিরাপত্তাও নিশ্চিত করবে।
গরমে ভ্রমণের অন্যতম জরুরি উপকরণ সানস্ক্রিন। তীব্র রোদে ত্বককে সুরক্ষিত রাখতে এটি কার্যকর। পাশাপাশি রোদচশমা চোখকে অতিবেগুনি রশ্মির ক্ষতি থেকে রক্ষা করে। খোলা জায়গায় দীর্ঘ সময় কাটানোর ক্ষেত্রে এই দুটি জিনিস প্রায় অপরিহার্য।
পোশাকের ক্ষেত্রে হালকা ও আরামদায়ক কাপড় বেছে নেওয়া উচিত। পাতলা কাপড়ের ফুলহাতা পোশাক ত্বককে সরাসরি রোদ থেকে আড়াল করে। ঢিলেঢালা সুতির পোশাক গরমে স্বস্তি দেয় এবং ঘাম কমাতে সাহায্য করে। ভ্রমণে গেলে অন্তত দুই থেকে তিন সেট এমন পোশাক সঙ্গে রাখা ভালো, যা দ্রুত শুকায় এবং ইস্তিরির ঝামেলা কম।
পায়ে আরাম নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। সুতি মোজা পা ঘামা কমায়। জুতা হিসেবে কাপড়ের স্নিকার বা ভালো গ্রিপযুক্ত রাবারের স্যান্ডেল ব্যবহার করা যেতে পারে, যা দীর্ঘ সময় হাঁটার জন্য সুবিধাজনক।
ব্যাগে রাখতে হবে প্রয়োজনীয় ব্যক্তিগত সামগ্রী। যেমন গামছা বা তোয়ালে, ফেসওয়াশ, সাবান, ওয়েট টিস্যু, বডি স্প্রে। পোকামাকড় থেকে বাঁচতে রিপেলেন্ট রাখা যেতে পারে। এসব ছোটখাটো জিনিস ভ্রমণের স্বাচ্ছন্দ্য অনেক বাড়িয়ে দেয়।
গরমে ছাতা একটি কার্যকর সঙ্গী হতে পারে। বিশেষ করে শিশু সঙ্গে থাকলে এটি আরও জরুরি হয়ে ওঠে। রোদ বা হালকা বৃষ্টিতেও এটি কাজে লাগে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পানির যোগান। গরমে শরীর দ্রুত পানিশূন্য হয়ে পড়ে। তাই পর্যাপ্ত পানি এবং পানিজাতীয় খাবার যেমন জুস বা ডাবের পানি সঙ্গে রাখা উচিত। নিয়মিত পানি পান করলে ক্লান্তি কমে এবং ভ্রমণ উপভোগ করা সহজ হয়।
বিশেষজ্ঞদের মতে, গরমে ভ্রমণের আগে আবহাওয়া সম্পর্কে ধারণা নেওয়া এবং প্রয়োজনীয় প্রস্তুতি রাখা উচিত। এতে অপ্রত্যাশিত সমস্যা এড়ানো সম্ভব হয় এবং ভ্রমণ হয়ে ওঠে আরও নিরাপদ ও আরামদায়ক।