ব্রিটেন মানেই ধূসর আকাশ, কুয়াশাচ্ছন্ন সকাল আর হাতে ছাতা নিয়ে ভিজে একাকার কিছু মানুষের প্রতিচ্ছবি। বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়া দেশগুলোর তালিকায় ব্রিটেনের অবস্থান ৮৩তম— কলম্বিয়া, মালদ্বীপ বা নিউজিল্যান্ডের চেয়েও অনেক পেছনে। অথচ বৃষ্টির সঙ্গে ব্রিটিশদের সখ্য এতটা গভীর, এই "ম্যাড়মেড়ে" আবহাওয়াকেই তারা বিশ্বজুড়ে একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
১৭শ শতাব্দীতে যখন লন্ডনের নর্দমা উপচে মৃত পশু ভেসে আসত, তখন থেকে ব্রিটিশরা বিদ্রূপ করে বলত, "ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস"। ২০২৬ সালের শুরুতেও সেই একই কথার প্রতিধ্বনি শোনা যাচ্ছে, কারণ এ বছর ব্রিটেন তার ইতিহাসের অন্যতম সিক্ত সময় পার করছে।
রয়্যাল মেটিওরোলজিক্যাল সোসাইটির প্রধান লিজ বেন্টলি জানান, আটলান্টিক মহাসাগর থেকে আসা আর্দ্রতা এবং জেট স্ট্রিমের প্রভাবে ব্রিটেনের আবহাওয়া অত্যন্ত অনিশ্চিত। এই অনিশ্চয়তাই ব্রিটিশ সংস্কৃতিকে প্রভাবিত করেছে। টার্নারের কালজয়ী পেইন্টিং থেকে শুরু করে পপ ব্যান্ড 'ট্রাভিস'-এর গান—সবখানে বৃষ্টির এক বিষণ্ণ অথচ নান্দনিক উপস্থিতি।
বৃষ্টি আভিজাত্যের প্রতীক
ব্রিটিশ বৃষ্টির কথা উঠলে মেরি পপিন্স বা উইম্বলডন টেনিসের সেই ছাতাগুলোর কথা মনে পড়ে। দক্ষিণ লন্ডনের 'ফক্স আমব্রেলা' ১৮৬৮ সাল থেকে হাতে তৈরি ছাতা বানিয়ে আসছে। দ্য ক্রাউন বা পিকা ব্লাইন্ডার্সের মতো সিরিজেও তাদের ছাতা দেখা যায়।
এই প্রতিষ্ঠানের এমডি পল গ্যারেট বলেন, "অনেকে মনে করেন, আমাদের এখানে সারাক্ষণ বৃষ্টি হয়। আমরা সেটা অস্বীকার করি না। বরং আমরা বৃষ্টিতে শুকনো থাকার বিশেষজ্ঞ হয়ে উঠেছি।" ভিক্টোরিয়ান যুগের হ্যাট আর ছাতা আজও ব্রিটিশ আভিজাত্যের অংশ। দূর-দূরান্ত থেকে পর্যটকরা লন্ডনে আসেন শুধু নিজের মাপ অনুযায়ী একটি 'বেস্পোক' ছাতা তৈরি করে নিতে।
শুধু ছাতা নয়, লাক্সারি ব্র্যান্ড 'বারবেরি' তাদের রেইন-শিল্ডিং ট্রেঞ্চ কোট দিয়ে ফ্যাশন দুনিয়ায় রাজত্ব করছে। তারা বৃষ্টির নেতিবাচক দিকটিকে পুঁজি করে গড়ে তুলেছে বিলিয়ন ডলারের শিল্প।
বৃষ্টির স্বাদ: স্কচ হুইস্কি
স্কটল্যান্ডে বৃষ্টির পানিকে সরাসরি আয়ের উৎস হিসেবে ব্যবহার করা হয়। সেখানের ১৫০টিরও বেশি ডিস্টিলারিতে বৃষ্টির পানি থেকে তৈরি হয় জগদ্বিখ্যাত স্কচ হুইস্কি। আইল অব রাসে ডিস্টিলারির সহ-প্রতিষ্ঠাতা অ্যালাসডেয়ার ডে জানান, আগ্নেয় শিলা ও চুনাপাথরের মধ্য দিয়ে চুইয়ে আসা বৃষ্টির খনিজ উপাদানই তাদের হুইস্কিকে অনন্য স্বাদ দেয়। বৃষ্টির পানি ছাড়া এই বিশ্বসেরা পানীয় তৈরি অসম্ভব।
'অভিশাপ' যখন 'আশীর্বাদ'
২০১৫ সালে দ্য গার্ডিয়ান মজা করে লিখেছিল— ব্রিটিশ ছুটির ২০টি লক্ষণের মধ্যে প্রথম তিনটিই হলো বৃষ্টি। কিন্তু ভিজিট ব্রিটেনের ভাইস প্রেসিডেন্ট কার্ল ওয়ালশ মনে করেন, বৃষ্টি ব্রিটিশ অভিজ্ঞতার এক নতুন দিক উন্মোচন করে। ইয়র্কশায়ারের জলপ্রপাতগুলো বৃষ্টির পরই তাদের পূর্ণ যৌবন ফিরে পায়। পর্যটকরা এখন ধূসর আকাশ আর কুয়াশাচ্ছন্ন রহস্যময় পাহাড় দেখতে বেশি পছন্দ করছেন।
ফোডর’স ম্যাগাজিন তো ব্রিটেনের এমন ১২টি জায়গার তালিকা করেছে, যা বৃষ্টির দিনে আরও বেশি সুন্দর দেখায়।
চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ
জলবায়ু পরিবর্তনের কারণে ২০২৬ সালে ব্রিটেন আগের চেয়ে অনেক বেশি উষ্ণ ও আর্দ্র হয়ে উঠেছে। উত্তর আয়ারল্যান্ডে গত ১৪৯ বছরের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে এ বছর। একদিকে এই বৃষ্টি পর্যটন ও ব্র্যান্ডিংয়ে সাহায্য করছে, অন্যদিকে বন্যা ও যোগাযোগ ব্যবস্থার বিপর্যয়ের ঝুঁকিও বাড়াচ্ছে।
ব্রিটিশরা বৃষ্টিকে ভালোবাসে ঠিকই, কিন্তু তারা জানে—অতিরিক্ত কোনো কিছু ভালো নয়। বৃষ্টি তাদের ঐতিহ্যের অংশ হতে পারে, কিন্তু সেই বৃষ্টি যেন বিপদে রূপ না নেয়, সেটাই এখন বড় চ্যালেঞ্জ।
সূত্র: সিএনএন